বিশ্বকাপে একদিন আগেই নতুন ইতিহাস গড়েছেন লিওনেল মেসি। সর্বকালের সর্বোচ্চ গোলদাতার আসনে বসে ফুটবল বিশ্বকে আবারও মুগ্ধ করেছেন আর্জেন্টাইন মহাতারকা। সেই আবহের মধ্যেই এবার আলোচনার কেন্দ্রবিন্দুতে আরেক কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনালদো। মঙ্গলবার হিউস্টনের এনআরজি স্টেডিয়ামে বিশ্বকাপের ‘কে’ গ্রুপের গুরুত্বপূর্ণ ম্যাচে উজবেকিস্তানের মুখোমুখি হবে পর্তুগাল। নকআউট পর্বে ওঠার লড়াইয়ে ম্যাচটি পর্তুগালের জন্য অনেকটা বাঁচা-মরার সমান। প্রথম ম্যাচে ডিআর কঙ্গোর বিপক্ষে অপ্রত্যাশিত ১-১ গোলে ড্র করায় চাপে পড়ে গেছে রোনালদোর দল। বিশ্বকাপ শুরুর আগে সম্ভাব্য শিরোপাপ্রত্যাশী দলগুলোর একটি হিসেবে বিবেচিত হলেও উদ্বোধনী ম্যাচে নিজেদের সেরাটা দেখাতে পারেনি পর্তুগাল। বল দখলে আধিপত্য থাকলেও আক্রমণভাগে ছিল না ধার। পুরো ম্যাচে সাতটি শট নিলেও লক্ষ্যে রাখতে পেরেছিল মাত্র একটি। সেই ম্যাচে রোনালদোকেও দেখা যায়নি চেনা ছন্দে। ৪১ বছর বয়সী তারকা অনেকটাই নিষ্প্রভ ছিলেন। ফলে পর্তুগিজ সংবাদমাধ্যম ও সমর্থকদের একাংশ তার একাদশে থাকা নিয়েও প্রশ্ন তুলতে শুরু করেছে। তবে কোচ রবার্তো মার্তিনেস এখনো আস্থা রাখছেন অভিজ্ঞ এই ফরোয়ার্ডের ওপর। মার্তিনেসের ভাষায়, সমালোচনা ফুটবলেরই অংশ। প্রথম ম্যাচের ফল হতাশাজনক হলেও দল আরও ঐক্যবদ্ধ হয়েছে। তিনি মনে করেন, শুরুতে ভালো খেললেও পরে ছন্দ হারিয়েছিল তার দল। উজবেকিস্তানের বিপক্ষে সেই ভুলগুলো শুধরে নেওয়ার লক্ষ্য নিয়েই মাঠে নামবে পর্তুগাল। রোনালদো খেলবেন কি না, তা নিয়ে সরাসরি কিছু বলতে চাননি মার্তিনেস। তবে তাকে দলের জন্য অনুকরণীয় ব্যক্তিত্ব হিসেবে উল্লেখ করেছেন পর্তুগাল কোচ। অন্যদিকে বিশ্বকাপে প্রথমবারের মতো অংশ নেওয়া উজবেকিস্তানও কঠিন অবস্থার মধ্যে রয়েছে। প্রথম ম্যাচে কলম্বিয়ার কাছে ৩-১ গোলে হেরে তারা এখন বিদায়ের শঙ্কায়। পর্তুগালের বিপক্ষে হারলে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার সম্ভাবনা তৈরি হবে।
তবে দলটির কোচ ফাবিও কানাভারো লড়াই ছাড়ার মানুষ নন। ২০০৬ সালে ইতালিকে বিশ্বকাপ জেতানো অধিনায়ক মনে করেন, তার দলের হারানোর কিছু নেই। বরং বড় দলের বিপক্ষে সাহসী ফুটবল খেলেই চমক দেখাতে হবে। কানাভারো বলেছেন, পর্তুগাল ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখতে চাইবে এবং দ্রুতগতির ফুটবল খেলবে। সে অনুযায়ী প্রস্তুতিও নিয়েছে তার দল। কলম্বিয়ার বিপক্ষে যে লড়াকু মানসিকতার অভাব ছিল, এবার সেটি দেখতে চান তিনি। উজবেকিস্তানের জন্য অবশ্য অনুপ্রেরণার জায়গাও রয়েছে। কলম্বিয়ার বিপক্ষে আব্বোসবেক ফাইজুল্লায়েভ গোল করে দেশটির ইতিহাসে প্রথম বিশ্বকাপ গোলের রেকর্ড গড়েছেন। সেই আত্মবিশ্বাস নিয়েই তারা নামবে রোনালদোদের বিপক্ষে। পরিসংখ্যান অবশ্য স্পষ্টভাবেই পর্তুগালের পক্ষে কথা বলছে। বিশ্লেষকদের হিসাব অনুযায়ী, ম্যাচ জয়ের সম্ভাবনা পর্তুগালের ৮০ শতাংশেরও বেশি। উজবেকিস্তানের জয়ের সম্ভাবনা ৭ শতাংশেরও কম। ড্র হওয়ার সম্ভাবনা প্রায় ১৩ শতাংশ। ‘কে’ গ্রুপে বর্তমানে তিন পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে কলম্বিয়া। এক পয়েন্ট করে নিয়ে এরপর রয়েছে কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র ও পর্তুগাল। কোনো পয়েন্ট না থাকায় তলানিতে উজবেকিস্তান।
নতুন ৪৮ দলের বিশ্বকাপে এবার প্রথমবারের মতো ৩২ দলের নকআউট পর্ব চালু হয়েছে। ১২টি গ্রুপের শীর্ষ দুই দলের পাশাপাশি সেরা আটটি তৃতীয় স্থানধারী দলও উঠবে পরবর্তী পর্বে। ফলে এখনো সব দলের সামনেই সুযোগ খোলা আছে। তবে সেই সুযোগ ধরে রাখতে আজকের ম্যাচে জয় ছাড়া অন্য কিছু ভাবার সুযোগ নেই রোনালদোদের।ফুটবল বিশ্বের নজরও থাকবে রোনালদোর দিকে। মেসি যখন রেকর্ডের পর রেকর্ড গড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে, তখন তাঁর দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী কি নিজের জবাব দিতে পারবেন? সেই প্রশ্নের উত্তর মিলবে হিউস্টনের মাঠেই।