রবিবার ২১ জুন ২০২৬ খ্রিস্টাব্দ || ৭ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ || ৫ মহররম ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: June 21, 2026
June 21, 2026
বিনোদন
বিনোদন

বাবাকে নিয়ে তারকাদের না-বলা কথা

Published: June 21, 2026 at 11:54 AM
বাবাকে নিয়ে তারকাদের না-বলা কথা

জীবনের প্রথম নায়ক, প্রথম শিক্ষক, প্রথম ভরসার জায়গা বাবা। সন্তানের মুখে হাসি ফোটাতে নিজের স্বপ্ন, স্বাচ্ছন্দ্য এমনকি প্রয়োজনও ত্যাগ করেন তিনি। বাবা দিবসে সেই নিঃস্বার্থ ভালোবাসার মানুষটিকেই স্মরণ করেছেন দেশের শোবিজ অঙ্গনের তারকারা। সামাজিক যোগাযোগমাধ্যমে বাবাকে নিয়ে স্মৃতি, শ্রদ্ধা ও ভালোবাসার কথা ভাগ করে নিয়েছেন তারা। অভিনেতা ইরফান সাজ্জাদ বাবা দিবসে নিজের ফেসবুকে বাবার সঙ্গে একটি ছবি শেয়ার করে লিখেছেন, “আল্লাহর কাছে সবসময় আপনার সুস্থতা কামনা করি আব্বা!” একই সঙ্গে তিনি বাবা দিবসে বিশ্বের সব বাবার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। বাবার ত্যাগের কথা স্মরণ করে তৌসিফ মাহবুব লিখেছেন, ১৯৯৩ সালে তার বাবার মাসিক আয় ছিল মাত্র ৮ হাজার টাকা। সেই সময়ই তিনি ছেলেকে ৪ হাজার টাকা বেতনের একটি ইংরেজি মাধ্যম স্কুলে ভর্তি করান। কারণ ছিল একটাইছেলেকে ভালো মানুষ হিসেবে গড়ে তোলা। তৌসিফ মাহবুব লেখেন, “তিনি নিজের বাস্তবতা দেখেননি, দেখেছিলেন আমার সম্ভাবনা। আমার জন্য তিনি এমন এক স্বপ্ন দেখেছিলেন, যার মূল্য ছিল তাঁর অসংখ্য ত্যাগ, পরিশ্রম আর আত্মত্যাগ। বাবাকে নিজের প্রথম শিক্ষক ও প্রথম অনুপ্রেরণা উল্লেখ করে এই অভিনেতা আরো লেখেন, “আজ আমি যা, তার ভিত্তিটা গড়ে দিয়েছেন আমার আব্বু। অভিনেত্রী সাফা কবিরও বাবাকে নিয়ে আবেগঘন একটি বার্তায় লিখেছেন, “সেই মানুষটিকে বাবা দিবসের শুভেচ্ছা, যিনি কখনো শুধু আমার বাবা ছিলেন না।আপনি সবসময় আমার সবচেয়ে নিরাপদ জায়গা, সবচেয়ে বড় সমর্থক এবং আমার বন্ধু ছিলেন। বাবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সাফা লেখেন, “জীবনকে হালকা, উজ্জ্বল এবং ভালোবাসায় পরিপূর্ণ করার জন্য আপনাকে ধন্যবাদ। অভিনেত্রী সালহা খানম নাদিয়া স্মরণ করেছেন শৈশবের দিনগুলো। বাবার প্রতি নিজের অগাধ ভালোবাসা ও নির্ভরতার কথা তুলে ধরে তিনি লিখেছেন, “ছোটবেলায় বাবার আদর-ভালোবাসার কোনো কমতি ছিল না। বাবাই ছিল আমার সবচেয়ে বড় আস্থা আর ভরসার জায়গা। আজও যেকোনো সমস্যায় বাবার কাছ থেকে একই আশ্বাস পান বলে জানান নাদিয়া। তার ভাষায়, “কোনো অসুবিধা নেই আম্মু, আমি আছি, আমরা আছি।” এই একটি বাক্যই যেন একজন বাবার পুরো অস্তিত্বকে প্রকাশ করে। সন্তানের জীবনে নিরাপত্তা, সাহস আর নির্ভরতার অন্য নাম বাবা। বাবার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও মানসিক শান্তি কামনা করে নাদিয়া লিখেছেন, “তোমার মতো করেই যেন আমি আমার মেয়েকে মানুষ করতে পারি এই একটুকুই প্রার্থনা। বাবাকে মনে করে জিয়াউল হক পলাশ লিখেছেন, “আব্বার গায়ের গন্ধটা আমার কাছে খুব আপন। প্রতিবছর জুন মাসের তৃতীয় রবিবার বিশ্বজুড়ে পালিত হয় বাবা দিবস। দিনটি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ভালোবাসা ও কৃতজ্ঞতার বার্তা জানাতে দেখা যায় সাধারণ মানুষ থেকে শুরু করে তারকাদেরও। তবে দিন শেষে সব অনুভূতির সারমর্ম যেন একটাই; বাবা এমন একজন মানুষ, যিনি সন্তানের জন্য নিঃশব্দে লড়ে যান, স্বপ্ন দেখেন এবং সব পরিস্থিতিতে ভরসা হয়ে পাশে থাকেন। হয়তো সে কারণেই জীবনের সবচেয়ে কঠিন সময়েও একটি বাক্যই সন্তানের সাহস হয়ে ওঠে‘আমি আছি।