রবিবার ২১ জুন ২০২৬ খ্রিস্টাব্দ || ৭ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ || ৫ মহররম ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: June 21, 2026
June 21, 2026
খেলাধুলা
খেলাধুলা

বাংলাদেশ হোয়াইটওয়াশড টি-টোয়েন্টিতে ৩-০ ব্যবধানে

Published: June 21, 2026 at 11:31 AM
বাংলাদেশ হোয়াইটওয়াশড টি-টোয়েন্টিতে ৩-০ ব্যবধানে

বাংলাদেশ হোয়াইটওয়াশড, টি-টোয়েন্টিতে ৩-০ ব্যবধানে সিরিজ জয় অস্ট্রেলিয়ার ওয়ানডে সিরিজে হারের হতাশা পেছনে ফেলে টি-টোয়েন্টি সিরিজে দুর্দান্ত প্রত্যাবর্তন করল অস্ট্রেলিয়া। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে ৭ উইকেটের বড় জয় তুলে নিয়ে বাংলাদেশকে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছে সফরকারীরা। টস জিতে আগে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে একের পর এক উইকেট হারিয়ে স্বাগতিকরা কখনোই বড় সংগ্রহের ভিত্তি গড়তে পারেনি। পাওয়ার প্লের ৬ ওভারে মাত্র ২২ রান তুলতেই হারায় ৩ উইকেট। এরপর নিয়মিত বিরতিতে উইকেট পড়তে থাকলে স্কোরবোর্ডে বড় রান তোলার সম্ভাবনা প্রায় শেষ হয়ে যায়। দলের বিপর্যয়ের মধ্যেও একপ্রান্ত আগলে রেখে লড়াই করেন অধিনায়ক তাওহীদ হৃদয়। ৫১ বলে ৬১ রানের দায়িত্বশীল ইনিংসে তিনি ৩টি চার ও ৩টি ছক্কা হাঁকান। রিশাদ হোসেন করেন ১৬ রান। তবে বাকিদের কেউ দুই অঙ্ক ছুঁতে না পারায় নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১০৯ রানেই থামে বাংলাদেশের ইনিংস। অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে স্পেন্সার জনসন ছিলেন সবচেয়ে মিতব্যয়ী। আগের ম্যাচে ব্যয়বহুল বোলিংয়ের পর এবার ঘুরে দাঁড়িয়ে ৪ ওভারে মাত্র ৬ রান দিয়ে ২ উইকেট নেন তিনি। এছাড়া, নাথান এলিস ও অ্যাডাম জাম্পাও দুটি করে উইকেট শিকার করেন। মাত্র ১১০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করে অস্ট্রেলিয়া। অধিনায়ক মিচেল মার্শ বাংলাদেশি বোলারদের ওপর চড়াও হয়ে মাত্র ২৮ বলে ৬০ রানের ঝড়ো ইনিংস খেলেন। তার ইনিংসে ছিল ৭টি চার ও ৪টি ছক্কা। জস ইংলিশ ১৭ এবং কনোলি ১৫ রান যোগ করেন। শেষদিকে টিম ডেভিড মাত্র ৩ বলে ১২ রান করে দ্রুত ম্যাচ শেষ করে দেন। বাংলাদেশের বোলাররা পুরো ম্যাচেই ছিলেন নিষ্প্রভ। তাসকিন আহমেদ ২ ওভারে ২৭, রিশাদ হোসেন ২ ওভারে ২২ এবং নাহিদ রানা ১ ওভারে ২০ রান খরচ করেন। ফলে, অস্ট্রেলিয়া মাত্র ১১ ওভারেই ৩ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। প্রথম ম্যাচে ৪ উইকেট এবং দ্বিতীয় ম্যাচে ৭ রানের জয়ের পর শেষ ম্যাচে আরও বড় ব্যবধানে জয় তুলে নেয় অস্ট্রেলিয়া। এর মধ্য দিয়ে ২০২১ সালে বাংলাদেশের কাছে ৪-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ হারের আক্ষেপও অনেকটাই ঘুচিয়ে ফেলল তারা। অন্যদিকে, ব্যাটিং ও বোলিং দুই বিভাগেই হতাশাজনক পারফরম্যান্সে সিরিজজুড়ে কোনো ম্যাচেই প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারেনি বাংলাদেশ।