মঙ্গলবার ১৬ জুন ২০২৬ খ্রিস্টাব্দ || ২রা আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ || ৩০ জিলহজ ১৪৪৭ হিজরি
LIVE
Printed on: June 16, 2026
June 16, 2026
বিনোদন
বিনোদন

ইতালির নীল জলরাশিতে দুয়া লিপার মধুচন্দ্রিমা, কেন দেশটিকে বেছে নিলেন গায়িকা

Published: June 16, 2026 at 12:18 PM
ইতালির নীল জলরাশিতে দুয়া লিপার মধুচন্দ্রিমা, কেন দেশটিকে বেছে নিলেন গায়িকা

পপ সংগীতের জনপ্রিয় তারকা দুয়া লিপা এবং ‘মাস্টার্স অব দ্য এয়ার’ খ্যাত অভিনেতা ক্যালাম টার্নার তাঁদের জীবনের নতুন অধ্যায় উপভোগ করছেন ইতালির মনোরম পরিবেশে। গত ৩১ মে লন্ডনের ওল্ড ম্যারিলিবোন টাউন হলে এক ঘরোয়া ও অন্তরঙ্গ পরিবেশে আইনি বিয়ে সম্পন্ন করেন ৩০ বছর বয়সী দুয়া লিপা এবং ৩৬ বছর বয়সী ক্যালাম টার্নার।  এর ঠিক কয়েক দিন পর, গত ৬ জুন ইতালির সিসিলির ঐতিহাসিক ‘ভিলা ভালগুয়ারনেরা’-তে বসে তাদের জমকালো দ্বিতীয় বিয়ের আসর। বিয়ের সমস্ত আনুষ্ঠানিকতা শেষে এই নবদম্পতি এখন মেতে আছেন রোমান্টিক মধুচন্দ্রিমায়, যেখানে আমালফি উপকূলের সালার্নোতে তাদের রোদ পোহানো এবং ভালোবাসায় জড়ানো মুহূর্তগুলো পাপারাজ্জিদের ক্যামেরায় বন্দি হয়েছে।


পিপল ম্যাগাজিনের একটি বিশেষ প্রতিবেদন থেকে জানা গেছে, হানিমুনের জন্য ইতালির মতো সুন্দর ও ছবির মতো উপকূলীয় অঞ্চলকে বেছে নেওয়ার পেছনে এই জুটির একটি ব্যক্তিগত ও আবেগঘন কারণ রয়েছে। এই দম্পতির ঘনিষ্ঠ একটি সূত্র নিশ্চিত করেছে যে, ইতালি হচ্ছে দুয়া লিপা ও ক্যালামের সবচেয়ে প্রিয় জায়গা। অতীতে এই দেশটিতে দুজনে একসঙ্গে অসংখ্য মধুর ও আনন্দের সময় কাটিয়েছেন। ফলে নিজেদের বিয়ের মহোৎসব উদযাপনের জন্য সিসিলিতে ফিরে আসা এবং সেখানে নতুন কিছু স্মৃতি তৈরি করা তাদের কাছে বিশেষ কিছু ছিল। আর এই কারণেই হানিমুনের জন্য ইতালিকে বেছে নেওয়া ছিল তাদের স্বাভাবিক ও প্রথম পছন্দ।


অন্য একটি সূত্রের দাবি, এই তারকাজুটির হানিমুন একাধারে অত্যন্ত রোমান্টিক এবং বেশ আরামদায়ক কাটছে। সমুদ্রের নীল জলরাশির সৌন্দর্য উপভোগ করা, নিজেদের মধ্যে গল্প-গুজব, হাসি-ঠাট্টা আর রোদের ওম মেখেই কাটছে তাদের প্রতিটি দিন। ক্যামেরার ফ্রেমে তাদের ভীষণ সুখী দেখাচ্ছে, যেখানে প্রায়শই একে অপরের হাত ধরে সমুদ্রসৈকত ও ইতালির তাওরনমিনার মতো উপকূলীয় শহরগুলো ঘুরে দেখতে দেখা গেছে তাদের।


এর আগে লন্ডনে তাদের প্রথম বিয়ের পর দুয়া লিপার ঘনিষ্ঠ একজন জানিয়েছিলেন যে, গায়িকা নিজের জীবন নিয়ে এখন সবচেয়ে বেশি সুখী। লন্ডনের সেই আয়োজনটি ঠিক যেমনটি তারা চেয়েছিলেন তেমনই অর্থপূর্ণ ও ব্যক্তিগত ছিল, যেখানে কেবল দুই পরিবারের সদস্য ও প্রিয়জনেরা উপস্থিত ছিলেন। আর ইতালিতে দ্বিতীয়বার বড় পরিসরে বিয়ের সিদ্ধান্ত নিয়ে এই সূত্রটি জানায়, এর মাধ্যমে দুয়া ও ক্যালাম দুই ধরনের স্বাদই উপভোগ করতে চেয়েছেন— একদিকে নিজেদের একান্ত কিছু ব্যক্তিগত মুহূর্ত, অন্যদিকে ইতালি ও আন্তর্জাতিক বন্ধুদের নিয়ে এক বিশাল উৎসব।


উল্লেখ্য, দীর্ঘদিনের গুঞ্জনের অবসান ঘটিয়ে গত বছরের জুন মাসে ক্যালাম টার্নারের সঙ্গে নিজের বাগদানের খবরটি নিশ্চিত করেছিলেন ‘লেভিটেটিং’ খ্যাত গায়িকা দুয়া লিপা। ২০২৪ সালের জানুয়ারি মাসে প্রথমবার তাদের প্রেমের গুঞ্জন ছড়ায় এবং একই বছরের জুলাই মাসে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে নিজেদের সম্পর্কের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছিলেন এই পপতারকা। এবার সেই প্রেমকেই তারা রূপ দিলেন রূপকথার মতো এক দাম্পত্যজীবনে।