ছোটপর্দা ও বিজ্ঞাপন নির্মাণে দীর্ঘদিন ধরে পরিচিত নাম আদনান আল রাজীব এবার নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন বড়পর্দায়। এতদিন অসংখ্য জনপ্রিয় বিজ্ঞাপন ও টেলিভিশন কাজ উপহার দিলেও এবার তিনি প্রথমবারের মতো পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের ঘোষণা দিয়েছেন। নিজের এই দীর্ঘদিনের স্বপ্নের কথা তিনি জানিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন পোস্টে। শুক্রবার (১২ জুন) ফেসবুকে রাজীবের পোস্ট , ‘অ্যাডভারটাইজিং ক্যারিয়ারের একেবারে শুরুর দিকে একটা প্রেমের গল্প বানিয়েছিলাম “কাছে আসার গল্প”। সেই সময়ের হিসাবে ওটাই ছিল আমার জীবনের সবচেয়ে বড় হিট। সেখান থেকেই মনের ভেতর একটা স্বপ্ন জন্মেছিল, কোনো একদিন একটা প্রেমের সিনেমা বানাব। স্বপ্নেরও বয়স বাড়ে। দেখতে দেখতে অনেক বছর কেটে গেল। এর মধ্যে অনেক গল্প বলেছি।চরিত্র এসেছে, আবার চলে গেছে। কিন্তু নিজের মতো করে একটা প্রেমের গল্প খুঁজে ফিরেছি সব সময়। এমন একটা গল্প, যেটা সত্যি আমার। সেখান থেকেই জন্ম নেয় এক দীর্ঘদিনের ইচ্ছা একটি পূর্ণদৈর্ঘ্য প্রেমের চলচ্চিত্র নির্মাণ করা। দীর্ঘ সময়ের পথচলার কথা বলতে গিয়ে তিনি জানান, এই যাত্রা মোটেও সহজ ছিল না। সময়ের সঙ্গে সঙ্গে অসংখ্য গল্প এসেছে, আবার অনেক গল্প হারিয়েও গেছে। কিন্তু নিজের মতো করে একটি সত্যিকারের অনুভূতিনির্ভর প্রেমের গল্প খুঁজে পাওয়ার চেষ্টা তিনি কখনো বন্ধ করেননি। তার ভাষায়, গল্পগুলো অনেকটা মানুষের মতো কখনো সামনে এসে দাঁড়ায়, আবার কখনো নীরবে দূরে সরে যায়। তিনি আরও লেখেন, দীর্ঘদিন ধরে সেই কাঙ্ক্ষিত গল্পটির খোঁজে তিনি কাজ করে গেছেন। কখনো মনে হয়েছে গল্পটি হাতের নাগালে, আবার কখনো মনে হয়েছে এটি এখনো অনেক দূরে। তবে সময়ের সঙ্গে সঙ্গে সেই গল্পই ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠেছে এবং শেষ পর্যন্ত সেটিকেই তিনি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের ভিত্তি হিসেবে বেছে নিয়েছেন।নির্মাতা জানান, এই গল্পটি তার কাছে শুধু একটি চলচ্চিত্রের বিষয় নয়, বরং এক ধরনের ব্যক্তিগত আবেগ ও ভালোবাসার জায়গা। অনেক দিন ধরে লালন করা সেই স্বপ্ন অবশেষে বাস্তবে রূপ নিতে যাচ্ছে বলে তিনি গভীর আনন্দ ও উত্তেজনা প্রকাশ করেন। তবে সিনেমার নাম, অভিনয়শিল্পী বা শুটিং শুরুর তারিখ সম্পর্কে এখনো বিস্তারিত কিছু জানাননি তিনি। পোস্টের শেষে সিনেমার ঘোষণা দিয়ে রাজীব লিখেছেন, ‘হঠাৎ একদিন খেয়াল করলাম, গল্পটা আর দূরে বসে নেই। ধীরে ধীরে আমার পাশে এসে বসেছে। গল্পটা এখন স্পষ্ট দেখতে পাচ্ছি। আমার জীবনের প্রথম সিনেমা বানাতে যাচ্ছি। দেখা হবে সিনেমা হলে। গত বছরই আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনে আলোচনায় আসেন আদনান আল রাজীব। তার নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র আলী ইতিহাস গড়ে প্রথম বাংলাদেশি সিনেমা হিসেবে কান চলচ্চিত্র উৎসবের স্বল্পদৈর্ঘ্য বিভাগে প্রতিযোগিতার সুযোগ পায়। উৎসবে ছবিটি ‘স্পেশাল মেনশন’ সম্মাননা অর্জন করে, যা বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের জন্য একটি উল্লেখযোগ্য আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে বিবেচিত হয়।
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পুশইন ঠেকাতে সতর্ক বিজিবি’র ৩টি ব্যাটালিয়ন
চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় ডুবে ২ শিশুর মৃত্যু
ডিবির অভিযানে ৩২০ বোতল নেশাজাতীয় সিরাপসহ আটক ২
নাচোলে স্টার্টআপ সাইন্স প্রজেক্ট এন্ড ইনোভিশন আইডিয়া শোক্যাসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
হার্ট অ্যাটাকের আগেই শরীর দেয় ৩০টি সংকেত অবহেলা করলেই বিপদ
সরকারি কর্মকর্তাদের নতুন বেতন কাঠামোর ফলে দুর্নীতি কমবে অর্থমন্ত্রী
হামের উপসর্গে আরও একজনের মৃত্যু আক্রান্ত হাজারের বেশি
পূর্ণদৈর্ঘ্য প্রেম নিয়ে আদনান আল রাজীব
ডেপুটি স্পিকারের সঙ্গে চাইনিজ প্রতিনিধি দলের বৈঠক
প্রথম ম্যাচের আগে আর্জেন্টিনা ভক্তদের জন্য সুখবর
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় ডুবে ২ শিশুর মৃত্যু
Jun 12, 2026
ডিবির অভিযানে ৩২০ বোতল নেশাজাতীয় সিরাপসহ আটক ২
Jun 12, 2026