বৃহস্পতিবার ২৬ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ || ১৫ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: November 26, 2026
November 26, 2026
বিনোদন
বিনোদন

আইসিইউতে মামুনুর রশীদ, শারীরিক অবস্থার অবনতি

Published: November 26, 2026 at 10:49 AM
আইসিইউতে মামুনুর রশীদ, শারীরিক অবস্থার অবনতি

বরেণ্য অভিনেতা ও নাট্যকার মামুনুর রশীদের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালে নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন তিনি। তার শরীরে অক্সিজেনের মাত্রা ওঠানামা করছে। এ নিয়ে উদ্বেগে রয়েছেন পরিবারের সদস্য ও সহকর্মীরা।  বুধবার ২৫ নভেম্বর দিবাগত রাতে ল্যাবএইড হাসপাতাল থেকে তাকে স্কয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। চার দিন ল্যাবএইড হাসপাতালে চিকিৎসা নেন। তারপরও শারীরিক অবস্থার অবনতি হওয়ায় পরিবারের সদস্যরা তাকে অন্য হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত নেন। পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যা ৬টার দিকে ল্যাবএইড হাসপাতালে মামুনুর রশীদের শারীরিক অবস্থা নিয়ে মেডিকেল বোর্ডের বৈঠক হয়। বৈঠক শেষে পরিবারের সদস্যদের জানানো হয়, তার অবস্থা সংকটাপন্ন। এরপর উন্নত চিকিৎসার জন্য তাকে স্কয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মামুনুর রশীদের ছোট ভাই রশিদ আমিন।  এর আগেও গুরুতর অসুস্থ হয়ে আইসিইউতে চিকিৎসা নিতে হয়েছিল এই অভিনেতাকে। ২০২৫ সালের ৩০ এপ্রিল যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে উড়োজাহাজে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে সেখানে পরীক্ষা-নিরীক্ষায় তার ফুসফুসের দুই পাশে নিউমোনিয়া ও রক্তে সংক্রমণ ধরা পড়ে। ছয় দিন আইসিইউতে চিকিৎসা নেওয়ার পর সুস্থ হয়ে বাড়ি ফেরেন তিনি। দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে অবস্থান শেষে ২০২৬ সালের ১৪ জানুয়ারি দেশে ফেরেন মামুনুর রশীদ। দেশে ফেরার পর আবারো অভিনয়ে মনোযোগী হন। কিন্তু এরই মধ্যে নতুন করে অসুস্থ হয়ে পড়লেন এই বরেণ্য শিল্পী। বাংলাদেশের মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্রে পাঁচ দশকের বেশি সময় ধরে অভিনয় করছেন মামুনুর রশীদ। অভিনয়ের পাশাপাশি নাট্যকার ও নির্দেশক হিসেবেও রয়েছে তার বিশেষ পরিচিতি। দেশের নাট্যাঙ্গনে গুরুত্বপূর্ণ অবদান রাখা এই শিল্পীর অসুস্থতার খবরে উদ্বেগ প্রকাশ করছেন সাংস্কৃতিক অঙ্গনের মানুষ।