বুধবার ১৮ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ৩রা অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ || ৭ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
Printed on: November 18, 2026
November 18, 2026
খেলাধুলা
খেলাধুলা

আবেগঘন বিদায়ে আর্জেন্টিনার কোচিং ছাড়লেন ওয়াল্টার স্যামুয়েল

Published: November 18, 2026 at 10:18 AM
আবেগঘন বিদায়ে আর্জেন্টিনার কোচিং ছাড়লেন ওয়াল্টার স্যামুয়েল

আর্জেন্টিনা জাতীয় দলের কোচিং প্যানেলে দীর্ঘ আট বছরের সম্পর্কের ইতি টানলেন ওয়াল্টার স্যামুয়েল। এবার নিজের মতো করে প্রধান কোচ হিসেবে ক্যারিয়ার শুরু করতে চান সাবেক এই আর্জেন্টাইন ডিফেন্ডার। কোস্টারিকার বিপক্ষে ম্যাচ শেষে তাকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানিয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। বছরের শেষ আন্তর্জাতিক ম্যাচে বুধবার কোস্টারিকাকে ৭-০ গোলে হারিয়েছে লিওনেল স্কালোনির দল। ম্যাচ শেষে ড্রেসিংরুমে স্যামুয়েলের জন্য ছোট পরিসরে বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন কোচিং স্টাফ ও খেলোয়াড়েরা।


২০১৮ সালে আর্জেন্টিনা জাতীয় দলের দায়িত্ব নেওয়ার পর থেকেই স্কালোনির সহকারী হিসেবে কাজ করেছেন স্যামুয়েল। দলটির সাম্প্রতিক সাফল্যের পেছনে গুরুত্বপূর্ণ অবদান ছিল তার। তবে এবার নিজের কোচিং ক্যারিয়ার নতুনভাবে শুরু করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।


স্যামুয়েলের বিদায় প্রসঙ্গে স্কালোনি বলেন, ‘তিনি আমাদের অর্জনগুলোতে কতটা বড় ভূমিকা রেখেছেন, তা তার অনুপস্থিতিতেই বোঝা যাবে। আপাতত তার জায়গায় নতুন কাউকে নেওয়ার পরিকল্পনা নেই। কারণ, তার জায়গা পূরণ করা সম্ভব নয়। ভবিষ্যতে প্রয়োজন মনে হলে তাকে আবার ফোন করব।’


বিদায় সংবর্ধনায় স্যামুয়েলকে একটি স্মারক এবং জাতীয় দলের হয়ে খেলার সময়কার নম্বরসংবলিত দুটি জার্সি উপহার দেওয়া হয়। এ সময় আবেগাপ্লুত হয়ে তিনি বলেন, ‘বছরগুলো ছিল অসাধারণ। আমার পরিবার আমার সঙ্গে ছিল। তাদের জন্য বড় একটি আলিঙ্গন পাঠাতে চাই।’


আর্জেন্টিনার খেলোয়াড় ও কোচিং স্টাফদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন সাবেক এই ডিফেন্ডার। বিশেষভাবে লিওনেল মেসি, এএফএ সভাপতি ক্লদিও তাপিয়া এবং পুরো কোচিং স্টাফকে ধন্যবাদ জানান তিনি। স্যামুয়েলের ভাষায়, জাতীয় দলের সবাই তার কাছে দ্বিতীয় পরিবারের মতো ছিলেন। ফুটবলে তার অর্জনের পেছনে সবার অবদান রয়েছে।


স্কালোনি জানান, কোচিং ক্যারিয়ার নিয়ে নিজের পরিকল্পনার কথা আগেই জানিয়েছিলেন স্যামুয়েল। বন্ধুর নতুন পথচলার জন্য শুভকামনাও জানিয়েছেন তিনি। স্যামুয়েলের বিদায়ের পরও স্কালোনির কোচিং প্যানেলে থাকছেন পাবলো আইমার ও রবার্তো আয়ালা। এ ছাড়া গোলরক্ষক কোচ মার্টিন তোকালি, ভিডিও বিশ্লেষক মাতিয়াস মান্না এবং ফিজিও লুইস মার্তিন দায়িত্ব পালন করবেন।