বুধবার ১৮ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ৩রা অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ || ৭ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
Printed on: November 18, 2026
November 18, 2026
আন্তর্জাতিক
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে বড় ব্যাংকগুলোর অনলাইন লেনদেনে বিপর্যয়

Published: November 18, 2026 at 10:07 AM
যুক্তরাষ্ট্রে বড় ব্যাংকগুলোর অনলাইন লেনদেনে বিপর্যয়

যুক্তরাষ্ট্রের একাধিক বড় ব্যাংকের গ্রাহকরা হঠাৎ করেই অনলাইন ব্যাংকিং ও অর্থ লেনদেনে বড় ধরনের সমস্যার মুখে পড়েছেন। গত সোমবার (১৬ নভেম্বর) যুক্তরাষ্ট্রের বৃহত্তম ব্যাংক জেপি মরগান চেজের প্রযুক্তিগত ত্রুটির জেরে ব্যাংক অব আমেরিকা, ওয়েলস ফার্গো, ইউএস ব্যাংকসহ বিভিন্ন ব্যাংকের গ্রাহকরাও ভোগান্তিতে পড়েন। এ সময় কেউ নিজেদের অ্যাকাউন্টে প্রবেশ করতে পারছিলেন না, আবার কেউ টাকা পাঠিয়েও সময়মতো লেনদেন সম্পন্ন করতে পারছিলেন না।


মার্কিন সংবাদমাধ্যম রয়টার্স, অ্যাসোসিয়েটেড প্রেস ও সিবিএস নিউজের প্রতিবেদনে জানানো হয়েছে, সোমবার সকাল থেকেই গ্রাহকদের কাছ থেকে সমস্যার অভিযোগ আসতে শুরু করে। দুপুরের দিকে প্রযুক্তিগত বিপর্যয়ের তথ্য সংগ্রহকারী ওয়েবসাইট ডাউনডিটেক্টরে হাজার হাজার অভিযোগ জমা পড়ে। চেজের পাশাপাশি ব্যাংক অব আমেরিকা, ওয়েলস ফার্গো, ইউএস ব্যাংক, ট্রুইস্ট ও ক্যাপিটাল ওয়ানের গ্রাহকেরাও একই সমস্যার কথা জানান। এ ছাড়া সিটিব্যাংক ও পিএনসি ব্যাংকের কিছু গ্রাহক এবং জনপ্রিয় অর্থ স্থানান্তর সেবা জেল (Zelle) ব্যবহারকারীদের মধ্যেও লেনদেনে বিলম্বের অভিযোগ পাওয়া যায়।


তবে সব ব্যাংকের নিজস্ব প্রযুক্তিব্যবস্থা বিকল হয়ে পড়েছিল বিষয়টি এমন নয়। ব্যাংক অব আমেরিকা জানিয়েছে, তাদের সিস্টেম পুরো সময়ই স্বাভাবিক ছিল। ইউএস ব্যাংক, পিএনসি ও ক্যাপিটাল ওয়ানও নিজস্ব ব্যবস্থায় সরাসরি কোনো বিপর্যয়ের কথা অস্বীকার করেছে। মূলত জেপি মরগান চেজ জানিয়েছে, তাদের অভ্যন্তরীণ হার্ডওয়্যার ব্যবস্থায় একটি সফটওয়্যার ত্রুটির কারণে কিছু লেনদেন সম্পন্ন হতে স্বাভাবিকের চেয়ে বেশি সময় লাগছিল। এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে অর্থ স্থানান্তরের ক্ষেত্রে প্রতিষ্ঠানগুলো পরস্পরের ওপর নির্ভরশীল হওয়ায় চেজের কোনো গ্রাহকের সঙ্গে অন্য ব্যাংকের লেনদেন থাকলে সেই ব্যাংকের গ্রাহকও বিলম্বের মুখে পড়েছেন।


চেজ কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়েছে, এটি কোনো সাইবার হামলা নয় এবং গ্রাহকেরা তাঁদের অ্যাকাউন্ট ও অর্থ ব্যবহারের সুযোগ পেয়েছেন, কেবল কিছু লেনদেন বিলম্বিত হয়েছে। জেল কর্তৃপক্ষও জানিয়েছে, তাদের মূল নেটওয়ার্ক সচল ছিল, তবে সংশ্লিষ্ট ব্যাংকের প্রযুক্তিগত সমস্যার কারণে কিছু অর্থ স্থানান্তরে দেরি হয়েছে।


পরবর্তীতে সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে চেজ জানায়, তাদের লেনদেন আবার স্বাভাবিকভাবে সম্পন্ন হচ্ছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে সিবিএস নিউজ জানিয়েছে, ব্যাংকগুলো ও জেলের সেবা নিয়ে অভিযোগের সংখ্যা স্বাভাবিক পর্যায়ে নেমে এসেছে। তবে এ ঘটনায় কতজন গ্রাহক সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছেন কিংবা কত অর্থের লেনদেন বিলম্বিত হয়েছে, তার পূর্ণাঙ্গ হিসাব প্রকাশ করা হয়নি। কয়েক দিনের ব্যবধানে যুক্তরাষ্ট্রে মাইক্রোসফটের সেবা ও বিমান চলাচল নিয়ন্ত্রণব্যবস্থায় বড় ধরনের প্রযুক্তিগত বিপর্যয়ের পর ব্যাংকিং খাতের এই ঘটনা নতুন উদ্বেগ তৈরি করলেও এসব ঘটনার মধ্যে কোনো সরাসরি সম্পর্ক পাওয়া যায়নি।