দীর্ঘ অপেক্ষার পর অবশেষে মুক্তি পেয়েছে বলিউড অভিনেতা সালমান খানের আসন্ন সিনেমা ‘মাতৃভূমি সিনেমার ট্রেলার। চিত্রাঙ্গদা সিং অভিনীত এই সিনেমাটি আগামী ৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। একই দিনে শ্রদ্ধা কাপুর অভিনীত ‘ইথা’ ছবি মুক্তি পাওয়ার কথা রয়েছে। একই দিনে এই দুই সিনেমার মুক্তি পাওয়ায় বেশ আলোচনার জন্ম দিয়েছে। বক্স অফিসে কে এগিয়ে থাকবে, তা নিয়ে এখনই শুরু হয়ে গেছে নানা পূর্বাভাস। কেউ কেউ মনে করছেন, উভয় সিনেমারই ভালো করার সম্ভাবনা রয়েছে। কারণ গত কয়েক বছরে ডিসেম্বরের প্রথম সপ্তাহটি সিনেমার সাফল্যের জন্য বেশ সৌভাগ্যজনক প্রমাণিত হয়েছে।
দীর্ঘদিন পর সালমান খানের কোনো সিনেমা অন্য কোনো সিনেমার সঙ্গে একই সময়ে মুক্তি পেতে যাচ্ছে। এর আগে ২০০৯ সালে এমনটি ঘটেছিল, যখন ‘লন্ডন ড্রিমস’ এবং ‘আলাদিন’ একই দিনে মুক্তি পেয়েছিল। ‘ওয়ান্টেড’ সিনেমার পর থেকে সালমান সাধারণত ঈদে এককভাবে নিজের সিনেমা মুক্তি দিয়ে আসছিলেন।
চলচ্চিত্র বিশ্লেষকদের মতে, তিনি এবার সঠিক তারিখটিই বেছে নিয়েছেন। এর ফলে দর্শকরা বড় পর্দায় একই ধরনের গল্পের পুনরাবৃত্তির বদলে দুটি ভিন্ন ঘরানার সিনেমা দেখার সুযোগ পাবেন। অন্যদিকে, বক্স অফিসে ‘মাতৃভূমি’-র সাফল্য নিয়ে কিছুটা সংশয়ও রয়েছে। নেটিজেনদের মতে, ‘রেস ৩’-এর পর থেকেই সালমানের ওপর দর্শকদের আস্থা কমতে শুরু করে, আর ‘রাধে’ মুক্তির পর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। এমনকি সালমানের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘সিকান্দার’ নিয়েও ব্যাপক প্রচার-প্রচারণা থাকা সত্ত্বেও সেটি দর্শকদের আকৃষ্ট করতে ব্যর্থ হয়।
অনেকের মতে, বক্স অফিসের চূড়ান্ত ফলাফল পুরোপুরি নির্ভর করবে সিনেমার বিষয়বস্তুর ওপর। বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো শ্রদ্ধা কাপুরের সর্বশেষ সিনেমা ‘স্ত্রী ২’-এর রেকর্ড ভাঙা। হরর-কমেডি ঘরানার এই সিনেমাটি মুক্তির প্রথম দিনেই ৫০ কোটি রুপি আয় করেছিল এবং পরবর্তীতে মোট ৫০০ কোটি রুপি (নেট কালেকশন) আয় করে রেকর্ড গড়েছিল। এমন সাফল্য সালমান খান এখন পর্যন্ত অর্জন করতে পারেননি।
জানা গেছে, ‘মাতৃভূমি’ সিনেমার ক্ষেত্রে সালমান খান ‘লাভের অংশীদারিত্ব’ মডেলে কাজ করছেন এবং সিনেমাটির বাজেট প্রায় ১২৫ কোটি রুপি। অনুরাগীদের বিশ্বাস, ছবিটি যদি শুরুর দিনেই দুই অঙ্কের আয়ের মাইলফলক স্পর্শ করতে পারে এবং পরবর্তী কয়েক দিনে এর আয়ের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়, তবে বিনিয়োগ তুলে আনা খুব একটা কঠিন হবে না। যদিও কিছু উদ্বেগের কারণ এখনো রয়ে গেছে, তবুও দেখা যাক ‘মাতৃভূমি’ সালমানকে বক্স অফিসে তার কয়েক বছর আগের সেই অবস্থান ফিরে পেতে সাহায্য করতে পারে কি না।