বৃহস্পতিবার ১২ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ২৭শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ || ১ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: November 12, 2026
November 12, 2026
খেলাধুলা
খেলাধুলা

ভারতের নতুন ওয়ানডে অধিনায়ক শ্রেয়াস আইয়ার

Published: November 12, 2026 at 11:54 AM
ভারতের নতুন ওয়ানডে অধিনায়ক শ্রেয়াস আইয়ার

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ দুই ম্যাচে নেতৃত্বে পরিবর্তন আনছে ভারত। নিয়মিত অধিনায়ক শুবমান গিলের পরিবর্তে দলকে নেতৃত্ব দেবেন শ্রেয়াস আইয়ার। আগামীকাল শুক্রবার মাউন্ট মঙ্গানুইয়ে চতুর্থ ওয়ানডেতে অধিনায়ক হিসেবে অভিষেক হবে তার। টস করতে নামলেই ভারতের ওয়ানডে ইতিহাসের ২৯তম অধিনায়ক হিসেবে নাম লেখাবেন এই ব্যাটার। হঠাৎ নেতৃত্বে এই পরিবর্তনের পেছনে অবশ্য বিশেষ কোনো কারণ নেই। মূলত টেস্ট সিরিজের প্রস্তুতির জন্য গিলকে শেষ দুই ওয়ানডে থেকে বিশ্রাম দেওয়া হয়েছে। একই কারণে ওয়ানডে দল ছেড়েছেন উইকেটকিপার-ব্যাটার লোকেশ রাহুল ও পেসার অংশুল কাম্বোজও।


ওয়ানডে সিরিজ শেষ হওয়ার পরই নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারত। আগামী ১৯ নভেম্বর শুরু হতে যাওয়া এই সিরিজ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার দৌড়ে দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ। বর্তমানে পয়েন্ট তালিকার চারে রয়েছে ভারত, শীর্ষে নিউজিল্যান্ড। তাই টেস্ট সিরিজের প্রস্তুতিতে বাড়তি গুরুত্ব দিচ্ছে ভারতীয় দল।


এদিকে নেতৃত্ব পাওয়ার মধ্য দিয়ে নিজের সামর্থ্য প্রমাণের সুযোগ পাচ্ছেন শ্রেয়াস আইয়ার। আইপিএলে তার নেতৃত্বে চ্যাম্পিয়ন হয়েছে কলকাতা নাইট রাইডার্স। দিল্লি ক্যাপিটালস ও পাঞ্জাব কিংসকেও ফাইনালে তুলেছেন তিনি। জাতীয় দলেও নেতৃত্বের অভিজ্ঞতা রয়েছে তার। গত অক্টোবরে তার নেতৃত্বে এশিয়ান গেমসে স্বর্ণপদক জিতেছে ভারত।


গিল, রাহুল ও কাম্বোজের অনুপস্থিতিতে শেষ দুই ম্যাচের দলে সুযোগ পাচ্ছেন ঈশান কিষান, রুতুরাজ গায়কোয়াড় ও তিলক ভার্মার মতো ক্রিকেটাররা। ফলে নেতৃত্বের পাশাপাশি একাধিক নতুন ক্রিকেটারের পারফরম্যান্সও থাকবে আলোচনায়। পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে প্রথম দুই ম্যাচ জিতে ২-০ ব্যবধানে এগিয়ে রয়েছে ভারত। তৃতীয় ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ায় সিরিজে এখনো অপরাজিত তারা। শেষ দুই ম্যাচের যেকোনো একটিতে জয় পেলেই সিরিজ নিশ্চিত করবে সফরকারীরা।