নিয়মিত অধিনায়ক মার্কিনিয়োসের অনুপস্থিতিতে জাপানের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ব্রাজিলকে নেতৃত্ব দেবেন বার্সেলোনার উইঙ্গার রাফিনিয়া। আগামী ১৪ নভেম্বর সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ম্যাচে তার হাতেই থাকবে অধিনায়কের আর্মব্যান্ড। চোটের কারণে দল থেকে ছিটকে গেছেন নিয়মিত অধিনায়ক ও পিএসজির ডিফেন্ডার মার্কিনিয়োস। ফলে তার পরিবর্তে ২৯ বছর বয়সী রাফিনিয়াকে নেতৃত্বের দায়িত্ব দিয়েছেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। অধিনায়ক হওয়ার দৌড়ে ভিনিসিয়ুস জুনিয়র ও ব্রুনো গিমারেসকেও বিবেচনায় রেখেছিলেন কোচিং স্টাফ।
স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার প্রতিবেদন অনুযায়ী, চ্যাম্পিয়নস লিগে বার্সেলোনার বিপক্ষে ম্যাচে পেশির চোটে পড়েন মার্কিনিয়োস। তার অনুপস্থিতিতে সিঙ্গাপুরের জাতীয় স্টেডিয়ামে ব্রাজিলকে নেতৃত্ব দেবেন রাফিনিয়া। এর আগে জাতীয় দলের হয়ে অধিনায়কত্ব করার অভিজ্ঞতা রয়েছে এই উইঙ্গারের। সাম্প্রতিক অনুশীলনের ইঙ্গিত অনুযায়ী, জাপানের বিপক্ষে ম্যাচের শুরুর একাদশেও দেখা যেতে পারে তাকে।
রাফিনিয়া মাঠে না থাকলে অধিনায়কের দায়িত্ব পালন করবেন নিউক্যাসল ইউনাইটেডের মিডফিল্ডার ব্রুনো গিমারেস। আনচেলত্তির কোচিং স্টাফের বিবেচনায় ছিলেন ভিনিসিয়ুস জুনিয়র ও গাব্রিয়েল মাগালিয়াসও। তবে শেষ পর্যন্ত আগের আন্তর্জাতিক বিরতিতে নির্ধারিত নেতৃত্বের ধারাবাহিকতা বজায় রাখার সিদ্ধান্ত নিয়েছেন ইতালিয়ান কোচ।
বার্সেলোনার হয়ে চলতি মৌসুমে দারুণ ছন্দে রয়েছেন রাফিনিয়া। সব প্রতিযোগিতা মিলিয়ে ইতোমধ্যে ১৯ গোল করেছেন তিনি। তবে চোটের কারণে কয়েকটি ম্যাচে মাঠের বাইরে থাকতে হয়েছে তাকে।
রাফিনিয়ার ফিটনেস নিয়ে সতর্ক রয়েছে বার্সেলোনা। জাতীয় দলের হয়ে খেলার সময় তার ওপর অতিরিক্ত চাপ না দেওয়ার অনুরোধ রয়েছে ক্লাবটির। জাপানের বিপক্ষে শুরু থেকে খেললেও পুরো ৯০ মিনিট মাঠে থাকার সম্ভাবনা কম। মূলত চোটের ঝুঁকি ও কাজের চাপ নিয়ন্ত্রণে রাখতেই এমন পরিকল্পনা।
জাপানের বিপক্ষে ম্যাচের পর আগামী ১৭ নভেম্বর একই ভেন্যুতে স্বাগতিক সিঙ্গাপুরের মুখোমুখি হবে ব্রাজিল। এই ম্যাচের মধ্য দিয়ে শেষ হবে ২০২৬ সালে তাদের আন্তর্জাতিক সূচি। চার দলের এই সিরিজে অংশ নিচ্ছে প্যারাগুয়েও।