সিলেট টেস্ট চলাকালেই দক্ষিণ আফ্রিকা সফরের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত ১৬ সদস্যের টেস্ট দলে প্রথমবারের মতো জায়গা পেয়েছেন মাহফিজুল ইসলাম রবিন। বয়স তার ২২ বছর। এই বয়সে অনেকের আন্তর্জাতিক ক্রিকেটে কয়েক বছর খেলাও হয়ে যায়। কিন্তু মাহফিজুল ইসলাম রবিনের সেই সুযোগ মেলেনি। এমনকি প্রতিযোগিতামূলক ক্রিকেটেও তেমন একটা অভিজ্ঞ নন। সর্বসাকল্যে খেলেছেন ৭০ ম্যাচ। আর এই অল্প কয়েক ম্যাচেই তিনি বিসিবি নির্বাচকদের নজর কেড়েছেন।
চলতি জাতীয় ক্রিকেট লিগে ৫ ম্যাচের ১০ ইনিংসে তিন সেঞ্চুরি ও দুই ফিফটিতে এখন পর্যন্ত টুর্নামেন্টের সর্বোচ্চ ৬৭২ রান করেছেন রবিন। এর মধ্যে তার সর্বোচ্চ স্কোর ২১৭ রানের। এমন পারফরম্যান্সের পুরস্কার হিসেবেই প্রথমবার জাতীয় দলের দুয়ার খুলল তার জন্য। টপ অর্ডার ব্যাটার লিস্ট ‘এ’ ক্রিকেটে খেলেছেন ৪১ ম্যাচ। প্রথম শ্রেণির ক্রিকেটে ১৯ ম্যাচ এবং খেলেছেন ১০ টি-টোয়েন্টি। ঘরোয়া ক্রিকেটে সাদা পোশাকে ৩৬ ইনিংসে ব্যাটিং করে ৩৩.৬৭ গড়ে করেছেন ১১৪৫ রান। ৪ সেঞ্চুরির পাশাপাশি প্রথম শ্রেণির ক্রিকেটে রয়েছে ৩ ফিফটি।
পরিসংখ্যান ঘেটে দেখা যায়, রবিন সময়ের সঙ্গে কতটা পরিণত হয়ে উঠেছেন। চলমান জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) ৬৭২ রান করে সর্বোচ্চ রানসংগ্রাহক তিনি। ময়মনসিংহের হয়ে পাঁচ ম্যাচে ৩ সেঞ্চুরি ও ২ ফিফটি করেছেন। যাঁর মধ্যে রয়েছে একটা ডাবল সেঞ্চুরিও। গড় ৭৪.৬৬। রবিনের এই ডাবল সেঞ্চুরি এসেছে বগুড়ায় চট্টগ্রামের বিপক্ষে। সেই ম্যাচে ওপেনিংয়ে নেমে ৩৫১ বলে ২০ চার ও ২ ছক্কায় ২১৭ রানের অপরাজিত ইনিংস খেলেছেন। রানবন্যার সেই ম্যাচ ড্র হলেও রবিন হয়েছেন ম্যাচসেরা।
বাংলাদেশ স্কোয়াড:
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, নাঈম শেখ, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, তাওহিদ হৃদয়, জাকের আলি, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, ইবাদত হোসেন চৌধুরি, সৈয়দ খালেদ আহমেদ ও মাহফিজুল ইসলাম।