সোমবার ০৯ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ২৪শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ || ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: November 09, 2026
November 09, 2026
আন্তর্জাতিক
আন্তর্জাতিক

চীনে বহুতল ভবনে ভয়াবহ আগুন, নিহত ১৪

Published: November 09, 2026 at 08:41 AM
চীনে বহুতল ভবনে ভয়াবহ আগুন, নিহত ১৪

চীনের উত্তরাঞ্চলীয় শানসি প্রদেশের তাইউয়ান শহরে একটি বহুতল আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত আরও ৩৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ৮ নভেম্বর স্থানীয় সময় বিকেল ৫টার দিকে শহরের ইংজে জেলার ‘হাওশেং ইন্টারন্যাশনাল অ্যাপার্টমেন্ট’ ভবনে আগুন লাগে। জেলা প্রশাসনের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া। কর্তৃপক্ষ জানায়, সন্ধ্যা ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। পরে রাত সাড়ে ৮টার দিকে উদ্ধার অভিযান শেষ হয়। অগ্নিকাণ্ডের রাতে ৩৮ জনকে হাসপাতালে নেয়া হয়েছিল। তাদের মধ্যে প্রথমে পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া যায়। সোমবার সকাল নাগাদ মৃতের সংখ্যা বেড়ে ১৪ জনে দাঁড়ায়।


আহতদের চিকিৎসায় সর্বোচ্চ প্রচেষ্টা চালানো হচ্ছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। একই সঙ্গে অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে। রিয়েল এস্টেট প্ল্যাটফর্ম লিয়ানজিয়ার তথ্য অনুযায়ী, ভবনটি আবাসিক ও বাণিজ্যিক—দুই ধরনের কাজে ব্যবহৃত হতো। সেখানে হোটেল, রেস্তোরাঁ এবং শিশুদের জন্য একাডেমিক প্রশিক্ষণ কেন্দ্রও ছিল। তাইউয়ান শহরের কেন্দ্রস্থলে অবস্থিত ভবনটির আশপাশে হাসপাতাল, স্কুল, বাণিজ্যিক কেন্দ্র ও পর্যটনস্থল রয়েছে। ভবনটিতে থাকা একটি হোটেলের কর্মীর ধারণা, পঞ্চম তলায় আগুনের সূত্রপাত হয়েছিল। পরে অষ্টম তলাতেও কয়েকজন আহত হন। তবে আগুনের প্রকৃত উৎস সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি।


হোটেলের এক অতিথি জানান, ধোঁয়ার গন্ধে ঘুম ভেঙে গেলে তিনি দ্রুত বাথরুমে গিয়ে একটি তোয়ালে ভিজিয়ে নেন। পরে করিডোর দিয়ে বের হওয়ার চেষ্টা করে আরও পাঁচজনের দেখা পান। তারা একসঙ্গে জানালার পর্দা বা আবরণ ভেঙে ভবনের বাইরের একটি প্ল্যাটফর্মে আশ্রয় নেন। প্রায় ৪০ মিনিট পর দমকলকর্মীরা তাদের উদ্ধার করেন।চলতি বছর তাইউয়ানে এটি দ্বিতীয় বড় অগ্নিকাণ্ড। এর আগে গত মার্চে শহরের আরেকটি বহুতল ভবনে আগুন লেগে তিনজন নিহত ও ২৩ জন আহত হয়েছিলেন। ওই ভবনেও হোটেল, ক্লিনিক, আইনজীবীর কার্যালয়, কারাওকে বার ও রেস্তোরাঁ ছিল।