সৌদি আরবের মদিনা থেকে জেদ্দায় ফেরার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় শিশুসহ সাত বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ বাংলাদেশি। শনিবার (৭ নভেম্বর) ভোরে মহাসড়কে বাংলাদেশিদের বহনকারী একটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়লে হতাহতের এ ঘটনা ঘটে।
জেদ্দায় অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানা গেছে।
কনস্যুলেট সূত্র জানায়, নিহত বাংলাদেশিরা মদিনা থেকে একটি গাড়িতে করে জেদ্দার দিকে যাচ্ছিলেন। পথে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়। এতে নারী ও শিশুসহ সাতজন প্রাণ হারান। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতরা সবাই সৌদি আরবের আল আবীর কোল্ড স্টোর ট্রেডিং কোম্পানির সঙ্গে সংশ্লিষ্ট। তাদের বাড়ি বাংলাদেশের কক্সবাজার জেলার চকরিয়া উপজেলায়।
কোম্পানির মার্কেটিং ম্যানেজার নুরুজ্জামান জানান, নিহতদের মধ্যে রয়েছেন কোম্পানির স্টোরকিপার জিয়াউর রহমান, তাঁর দুই ছেলে ও এক মেয়ে। এ ছাড়া কোম্পানির ফর্কলিফট চালক ইলিয়াসের স্ত্রী এবং মক্কায় কর্মরত স্টোরকিপার আলমশাহ ও তাঁর এক মাস বয়সী কন্যাশিশুও নিহত হয়েছেন।
দুর্ঘটনার খবর পেয়ে সৌদি আরবের স্থানীয় পুলিশ ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে। নিহতদের মরদেহ স্থানীয় হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহতদের ওই হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এদিকে, নিহতদের মরদেহ দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আশ্বাস দিয়েছে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল। কনস্যুলেট সূত্র জানায়, আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ দ্রুত স্বজনদের কাছে ফিরিয়ে আনতে দূতাবাসের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে।
স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, নিহত সাত বাংলাদেশি একাধিক পরিবারের সদস্য। দুর্ঘটনায় তাঁদের পরিবারের সদস্যদের হারিয়ে স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।