রবিবার ২৯ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ || ১৮ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: November 29, 2026
November 27, 2026
আন্তর্জাতিক
আন্তর্জাতিক

আসন কম পেয়ে বিপাকে নিউজিল্যান্ডের ক্ষমতাসীন জোট

Published: November 27, 2026 at 01:01 PM
আসন কম পেয়ে বিপাকে নিউজিল্যান্ডের ক্ষমতাসীন জোট

নিউজিল্যান্ডের সাধারণ নির্বাচনের চূড়ান্ত ফলাফলে কোনো দল বা জোট একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। ফলে দেশটিতে সরকার গঠন নিয়ে তৈরি হয়েছে জটিল রাজনৈতিক সমীকরণ। শুক্রবার (২৭ নভেম্বর) প্রকাশিত ফলাফলে দেখা গেছে, প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুক্সনের নেতৃত্বাধীন ক্ষমতাসীন মধ্য-ডানপন্থি জোট পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের চেয়ে একটি আসন কম পেয়েছে। 

গত ৭ নভেম্বর নিউজিল্যান্ডে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। চূড়ান্ত ফলাফল অনুযায়ী, ১৩০ সদস্যের পার্লামেন্টে সরকার গঠনের জন্য প্রয়োজন ৬৬টি আসন। কিন্তু ২০২৩ সাল থেকে ক্ষমতায় থাকা লুক্সনের রক্ষণশীল ন্যাশনাল পার্টি এবং এর দুই শরিক- ‘এসিটি’ ও ‘নিউজিল্যান্ড ফার্স্ট’ মিলে পেয়েছে ৬৫টি আসন। এর মধ্যে ন্যাশনাল পার্টি ৪০টি, এসিটি ১৩টি ও নিউজিল্যান্ড ফার্স্ট ১২টি আসনে জয়ী হয়েছে। 

শুক্রবার এক সংবাদ সম্মেলনে ক্রিস্টোফার লুক্সন বলেন, “নিউজিল্যান্ডবাসীর এমন একটি স্থিতিশীল সরকার প্রয়োজন, যারা একসঙ্গে কাজ করবে ও পুরো মেয়াদকাল টিকে থাকবে।”


নির্বাচনে প্রধান বিরোধী দল লেবার পার্টি পেয়েছে ৩৬টি আসন, যা সরকার গঠনের ম্যাজিক ফিগার থেকে অনেক দূরে। এমন পরিস্থিতিতে ৭টি আসন পাওয়া কিউলাই ওংয়ের মধ্যপন্থি দল ‘অপরচুনিটি পার্টি’ এখন সরকার গঠনের মূল ‘কিংমেকার’ হয়ে উঠেছে। 

ওং নির্বাচনি প্রচারণায় সপ্তাহে ৩৭০ নিউজিল্যান্ড ডলার সর্বজনীন মৌলিক আয়, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় কঠোর পদক্ষেপ ও স্বাস্থ্য খাতে সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছেন। অন্যদিকে, ক্ষমতাসীন জোটের শরিক নিউজিল্যান্ড ফার্স্টের নেতা ও বিতর্কিত পররাষ্ট্রমন্ত্রী উইনস্টন পিটার্স প্যারিস জলবায়ু চুক্তি থেকে সরে আসা ও অভিবাসন নীতি কঠোর করার পক্ষে। আরেক শরীক এসিটি পার্টির নেতা ও উপপ্রধানমন্ত্রী ডেভিড সেমুর সরকারি ব্যয় সংকোচন ও আদিবাসী মাওরি জনগোষ্ঠীর শাসনতান্ত্রিক ক্ষমতা বৃদ্ধির বিরোধী।  

দলগুলো শেষ পর্যন্ত কোনো সমঝোতায় পৌঁছাতে ব্যর্থ হলে আগামী বছর নিউজিল্যান্ডবাসীকে আবারো নির্বাচনের মাঠে ফিরতে হতে পারে।