মঙ্গলবার ১৩ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ১ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: October 13, 2026
October 13, 2026
আন্তর্জাতিক
আন্তর্জাতিক

পানামায় ফের ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

Published: October 13, 2026 at 01:57 PM
পানামায় ফের ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

পানামায় ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর আবারও ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। ১২ অক্টোবর দেশটিতে নতুন করে এই কম্পন অনুভূত হয় বলে জানিয়েছে ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় (ইএমএসসি) ভূকম্পন কেন্দ্র। একের পর এক ভূমিকম্প ও পরবর্তী কম্পনে দেশটির বিভিন্ন এলাকায় ক্ষয়ক্ষতি নিয়ে উদ্বেগ বাড়ছে।ইএমএসসির তথ্য অনুযায়ী, নতুন ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ৩৫ কিলোমিটার গভীরে। এর আগে, গত শুক্রবার (৯ অক্টোবর) পানামায় ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ওই ভূমিকম্পের পর থেকে এ পর্যন্ত ৩০০টিরও বেশি পরবর্তী কম্পন রেকর্ড করা হয়েছে। বারবার ভূকম্পনের ফলে পানামার মধ্যাঞ্চলীয় বিভিন্ন প্রদেশে ক্ষয়ক্ষতি দেখা দিয়েছে। পরিস্থিতি মোকাবিলা ও জরুরি উদ্ধার তৎপরতা জোরদার করতে সপ্তাহান্তে দেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছে পানামা সরকার।


জরুরি উদ্ধারকারী কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ভূমিকম্পে কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। তবে অন্তত ২৭ জন আহত হয়েছেন এবং প্রায় ৯০০টি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর মধ্যে রয়েছে লস সান্তোস, কোকলে, ভেরাগুয়াস ও হেরেরা প্রদেশ। কর্তৃপক্ষ জানিয়েছে, প্রত্যন্ত এলাকাগুলোতে উদ্ধার ও ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ এখনো চলছে। ফলে প্রকৃত ক্ষয়ক্ষতি এবং হতাহতের সংখ্যা সম্পর্কে পূর্ণাঙ্গ তথ্য পাওয়া যায়নি। দুর্গম এলাকায় পৌঁছানো সম্ভব হলে পরিস্থিতির আরও স্পষ্ট চিত্র পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। এদিকে, ধারাবাহিক ভূকম্পনের কারণে ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দাদের মধ্যে উদ্বেগ বিরাজ করছে। উদ্ধারকারী দলগুলো পরিস্থিতি পর্যবেক্ষণ এবং ক্ষতিগ্রস্তদের সহায়তায় কাজ চালিয়ে যাচ্ছে। নতুন করে শক্তিশালী কম্পন অনুভূত হওয়ায় পরিস্থিতির ওপর সতর্ক নজর রাখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।