মঙ্গলবার ১৩ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ১ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: October 13, 2026
October 13, 2026
খেলাধুলা
খেলাধুলা

২০৩০ বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব পেল নেটফ্লিক্স

Published: October 13, 2026 at 01:59 PM
২০৩০ বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব পেল নেটফ্লিক্স

২০৩০ সালে স্পেন এবং অ্যান্ডোরায় অনুষ্ঠেয় ফুটবল বিশ্বকাপের ম্যাচগুলো সম্প্রচারের স্বত্ব অর্জন করেছে জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্স। প্রতিষ্ঠানটি জানিয়েছে, স্পেনে কোনো বড় ধরনের পুরুষদের আন্তর্জাতিক টুর্নামেন্ট সম্প্রচারের ক্ষেত্রে এটিই হবে তাদের প্রথম উদ্যোগ। এর আগে ২০২৬ সালের বিশ্বকাপ সেখানে জাতীয় চ্যানেল টিভিই সম্প্রচার করেছিল। যদিও ক্যালিফোর্নিয়া-ভিত্তিক নেটফ্লিক্স এই চুক্তির আর্থিক শর্তাবলী প্রকাশ করেনি। চুক্তি অনুযায়ী, স্পেনে প্রতিটি ম্যাচ-ডে বা খেলার দিনে একটি করে ম্যাচ বিনামূল্যে দেখা যাবে। এছাড়া নেটফ্লিক্স একটি জাতীয় ‘ফ্রি-টু-এয়ার’ (বিনামূল্যে সম্প্রচারযোগ্য) চ্যানেলের ব্যবস্থাও করবে; এই চ্যানেলে স্পেনের সব ম্যাচ, উভয় সেমিফাইনাল এবং ফাইনালসহ বেশ কিছু ম্যাচের একটি প্যাকেজ সম্প্রচার করা হবে। তবে নেটফ্লিক্স সেই চ্যানেলটির নাম প্রকাশ করেনি।


ম্যাচের কোনো প্যাকেজ কেনার ব্যাপারে তারা আগ্রহী কি না, সে বিষয়ে টিভিই কোনো মন্তব্য করতে রাজি হয়নি। ২০৩০ সালে পর্তুগাল ও মরক্কোর সাথে যৌথভাবে ২০৩০ সালের আসরটি আয়োজন করবে স্পেন। তবে টুর্নামেন্টের শতবর্ষ পূর্তি উপলক্ষে উদ্বোধনী ম্যাচগুলো আর্জেন্টিনা, প্যারাগুয়ে এবং উরুগুয়েতে অনুষ্ঠিত হবে।


উল্লেখ্য, ১৯৩০ সালে উরুগুয়েতেই প্রথম বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল। স্পেনের রাষ্ট্রীয় টেলিভিশন নেটওয়ার্ক টিভিই এবারের টুর্নামেন্টে স্প্যানিশ জাতীয় দলের ম্যাচগুলো সম্প্রচার করেছিল। অন্যদিকে, বেসরকারি প্ল্যাটফর্ম ডিএজেডএন এর মিডিয়াপ্রোর পে-টিভি বিশ্বকাপ চ্যানেলটি পরিবেশন করেছিল। তারা মোট ১০৪টি ম্যাচই দেখিয়েছিল।


আগামী বছরে ব্রাজিলে অনুষ্ঠিত হতে যাওয়া নারী বিশ্বকাপ এবং কোস্টারিকা, জ্যামাইকা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের যৌথ আয়োজনে হতে যাওয়া ২০৩১ সালের নারী বিশ্বকাপের সম্প্রচার স্বত্বও যুক্তরাষ্ট্র ও কানাডার জন্য নেটফ্লিক্সের হাতে রয়েছে। স্পেনের এই চুক্তিটি ক্রীড়া সম্প্রচারের জগতে নেটফ্লিক্সের ক্রমবর্ধমান আগ্রহেরই আরেকটি প্রমাণ। কারণ এর আগে এনএফএল, এমএলবি, ডব্লিউডব্লিউই, বক্সিং এবং এমএমএ-এর মতো ইভেন্টগুলোও এই স্ট্রিমিং প্ল্যাটফর্মে দেখা গেছে।