মঙ্গলবার ১৩ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ১ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
চাঁপাইনবাবগেঞ্জে ভ্রাম্যমাণ আদালত : ২ ব্যবসায়ীকে অর্থদণ্ড জেলা হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে মতবিনিময় স্বাস্থ্য অধিকার ফোরামের চাঁপাইনবাবগঞ্জে একদিনে আরো ৯২ জন ডেঙ্গু আক্রান্ত জানুয়ারির মধ্যে নিজস্ব ক্যাম্পাসের কাজ শুরু হবে : উপাচার্য সফিকুল বারী চাঁপাইনবাবগঞ্জে দুর্যোগ প্রশমন দিবস পালিত চাঁপাইনবাবগঞ্জে ১৬৪ টি মন্ডপে দূর্গাপুজা উদযাপনের প্রস্তুতি শেষ পর্যায়ে দূর্গপুজা উপলক্ষে সোনামসজিদ স্থলবন্দরে আমদানী-রপ্তানী কার্যক্রম টানা ৮ দিন বন্ধ ৬০ এর পর সুস্থ থাকতে যেসব খাবার এড়িয়ে চলবেন ১৫ বছর পর ফিরছে ‘দ্য ডার্টি পিকচার ২’, থাকছেন কি বিদ্যা? পাঁচ ভাষায় মুক্তি পাবে রজনীকান্তের ‘জেলার ২’
Printed on: October 13, 2026
October 13, 2026
বিনোদন
বিনোদন

কফি উইথ করণ : শাহরুখে শুরু, সালমানে শেষ

Published: October 13, 2026 at 02:04 PM
কফি উইথ করণ : শাহরুখে শুরু, সালমানে শেষ

বলিউডের সবচেয়ে আলোচিত ও বিতর্কিত চ্যাট শো ‘কফি উইথ করণ’-এর দীর্ঘ যাত্রার পর্দা নামতে চলেছে। ২২ বছরের বর্ণিল পথচলার পর এবার নবম মৌসুমের মাধ্যমেই জনপ্রিয় এই শো-কে চিরতরে বিদায় জানাতে চলেছেন নির্মাতা ও উপস্থাপক করণ জোহর। আর এই অন্তিম মৌসুমের শুরুতেই দর্শকের সামনে বোমা ফাটাতে আসছেন বলিউডের ‘ভাইজান’ সালমান খান।  সম্প্রতি ইনস্টাগ্রামে একটি আকর্ষণীয় প্রমো শেয়ার করে নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন করণ, যা ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের মধ্যে রীতিমতো উত্তেজনার সৃষ্টি করেছে। সামনে আসা সেই প্রোমো ভিডিওতে সালমান খানকে বলতে শোনা যায়, ‘তাহলে আমি আসছি কফি উইথ করণ করতে।’ ভিডিওর ক্যাপশনে করণ জোহর লিখেছেন, ‘একেবারেই শেষবারের মতো... ভাইজানের সঙ্গে এক কাপ কফি।’ 


আগামী ১৪ অক্টোবর থেকে জিও হটস্টারে স্ট্রিম হতে শুরু করবে শোটির এই বিদায়ী মৌসুম। প্রথম পর্বে সালমান খানের উপস্থিতি অনুষ্ঠানটিকে জমজমাট করে তুলবে বলে ধারণা করা হচ্ছে।


কেন শো বন্ধ করার এই কঠিন সিদ্ধান্ত নিলেন—এমন প্রশ্ন করা হলে ভ্যারাইটিকে দেওয়া এক সাক্ষাৎকারে করণ জানান, জীবনের পরবর্তী ধাপে তিনি নিজের চলচ্চিত্র নির্মাণ ও গল্প বলার দিকে পুরোপুরি মনোনিবেশ করতে চান। ২২ বছর ধরে ‘কফি উইথ করণ’ তার পরিচয়ের একটি বিশাল অংশজুড়ে রয়েছে উল্লেখ করে তিনি বলেন, আমি এখনো বিশ্বাস করতে পারছি না যে ২২ বছর হয়ে গেছে এবং এটি আমার নবম মৌসুম হতে চলেছে। ভারী মন নিয়ে এই মৌসুমটিকে নিজের শেষ মৌসুম হিসেবে ঘোষণা করে করণ আরও যোগ করেন, আমি আমার জীবনের পরবর্তী দশক আরও বেশি সিনেমা পরিচালনা করতে এবং আরও অনেক গল্প বলতে উৎসর্গ করতে চাই।


যে কফি কাউচটি বছরের পর বছর ধরে তারকাদের খোলামেলা কথোপকথন, সততা এবং নানা বিতর্কের সমার্থক হয়ে উঠেছিল, তাকে বিদায় জানানো অত্যন্ত আবেগঘন ও ব্যক্তিগত একটি সিদ্ধান্ত বলে উল্লেখ করেছেন নির্মাতা। তিনি আশা প্রকাশ করেন যে, শোটি থেকে তিনি মানুষের যে ভালোবাসা পেয়েছেন, তার সেই উত্তরাধিকার ভক্তদের হৃদয়ে একইভাবে বেঁচে থাকবে।


উল্লেখ্য, ২০০৪ সালে স্টার ওয়ার্ল্ড চ্যানেলে যাত্রা শুরু করেছিল ‘কফি উইথ করণ’। যার প্রথম পর্বে অতিথি হিসেবে এসেছিলেন বলিউড কিং শাহরুখ খান ও কাজল। এ ছাড়া প্রথম মৌসুমে অমিতাভ বচ্চন তার ছেলে অভিষেক বচ্চনের সঙ্গে এবং ঐশ্বরিয়া রাই চলচ্চিত্র নির্মাতা সঞ্জয় লীলা বানসালির সঙ্গে উপস্থিত হয়েছিলেন। ২০১৯ সাল পর্যন্ত স্টার ওয়ার্ল্ডে সফলভাবে ছয়টি মৌসুম চলার পর পরবর্তীতে ওটিটি প্ল্যাটফর্ম হটস্টারে স্থানান্তরিত হয় শোটি।