চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নে অবৈধভাবে রাসায়নিক সার ও কীটনাশক মজুতের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। আজ এই অভিযান চালানো হয়। এসময় ইসলামপুর ইউনিয়নের বেড়াপাড়া গ্রামের খুচরা সার বিক্রেতা মো. মজিবুর রহমানকে সরকার নির্ধারিত মূল্যের অধিক মূল্যে সার বিক্রির অভিযোগে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়া একই ইউনিয়নের ক্লাবহাটের কীটনাশক ব্যবসায়ী মো. খাইরুল ইসলামকে বিনা লাইসেন্সে সার ও বীজ বিক্রয় ও মেয়াদোত্তীর্ণ কীটনাশক বিক্রির অভিযোগে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. ইকরামুল হক নাহিদ। এই সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মো. সুনাইন বিন জামান ও অতিরিক্ত কৃষি অফিসার আনিসুল হক মাহমুদ। উপজেলা কৃষি অফিসার সুনাইন বিন জামান এই তথ্য জানিয়েছেন। যারা এমন কাজ করছেন তাদের সতর্ক করা হয়। এমন অভিযান জনস্বার্থে অব্যাহত থাকবে বলেও জানান তিনি।