আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায়ের আগে বিশেষ সম্মান পেলেন আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসি। বেনিনের বিপক্ষে বিদায়ী ম্যাচে মাঠে নামার আগে আর্জেন্টিনার ঐতিহ্যবাহী ক্লাব রিভার প্লেটের সম্মানসূচক সদস্যপদ পেয়েছেন বিশ্বকাপজয়ী এই অধিনায়ক। মনুমেন্টাল স্টেডিয়ামে ম্যাচ শুরুর আগে রিভার প্লেটের প্রেসিডেন্ট স্তেফানো দি কার্লো মেসির হাতে তুলে দেন সম্মানসূচক সদস্যকার্ড, একটি স্মারক ও বিশেষ জার্সি। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি প্রকাশ করে মেসিকে ধন্যবাদ জানায় ক্লাবটি। মেসির জন্য তৈরি বিশেষ সদস্যকার্ডে কোনো প্রচলিত নম্বর ব্যবহার করা হয়নি। সেখানে লেখা ছিল ‘এআরজি ১৮১২২০২২’। এর মাধ্যমে স্মরণ করা হয়েছে ২০২২ সালের ১৮ ডিসেম্বরকে—কাতারে যেদিন ফ্রান্সকে হারিয়ে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতান মেসি।
রিভার প্লেটের সঙ্গে মেসির সম্পর্ক অবশ্য বেশ পুরোনো। ২০০০ সালে মাত্র ১৩ বছর বয়সে এই ক্লাবে যোগ দেওয়ার খুব কাছাকাছি ছিলেন তিনি। শেষ পর্যন্ত অবশ্য রিভার প্লেট নয়, বার্সেলোনার একাডেমি লা মাসিয়ায় যোগ দেন মেসি। তবে রিভার প্লেটের ঘরের মাঠ মনুমেন্টালের সঙ্গে মেসির রয়েছে বিশেষ সম্পর্ক। জাতীয় দলের হয়ে বিশ্বকাপ বাছাইপর্ব ও প্রীতি ম্যাচসহ বহু ম্যাচ খেলেছেন এখানে। একই মাঠে আর্জেন্টিনার হয়ে জেতা চারটি শিরোপাও সমর্থকদের সঙ্গে উদ্যাপন করেছেন তিনি।
মনুমেন্টালে মেসির রেকর্ডও দারুণ। এই মাঠে ২৮ ম্যাচ খেলেও কোনো ম্যাচে হারেননি তিনি। করেছেন ১৯ গোল।
ক্লাব পর্যায়েও রিভার প্লেটের বিপক্ষে মেসির স্মরণীয় মুহূর্ত রয়েছে। ২০১৫ ক্লাব বিশ্বকাপের ফাইনালে বার্সেলোনার হয়ে রিভার প্লেটের মুখোমুখি হয়ে ৩-০ ব্যবধানের জয়ে একটি গোল করেছিলেন তিনি। তবে সাবেক প্রতিপক্ষের প্রতি সম্মান দেখিয়ে সেই গোল উদ্যাপন করেননি মেসি।