মঙ্গলবার ০৬ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ২১শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ২৩ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: October 06, 2026
October 06, 2026
বিনোদন
বিনোদন

বড়পর্দায় আসছেন নিশো-মেহজাবীনের ‘পুলসিরাত’

Published: October 06, 2026 at 12:18 PM
বড়পর্দায় আসছেন নিশো-মেহজাবীনের ‘পুলসিরাত’

টেলিভিশন নাটকে জনপ্রিয়তা পাওয়া আফরান নিশো ও মেহজাবীন চৌধুরী এবার প্রথমবারের মতো জুটি বাঁধছেন বড়পর্দায়। তাদের নিয়ে নির্মিত হচ্ছে সিনেমা ‘পুলসিরাত’। সিনেমাটি নির্মাণ করছেন নাটক ও ওয়েব কনটেন্টের আলোচিত নির্মাতা ভিকি জাহেদ। এর মধ্য দিয়ে চলচ্চিত্র নির্মাতা হিসেবে অভিষেক হতে যাচ্ছে তার।

‘পুলসিরাত’ সিনেমার নাম চলতি বছরের জানুয়ারিতে নিবন্ধন করা হয়। এরপর থেকেই সিনেমাটি নিয়ে আলোচনা থাকলেও এতে নিশো ও মেহজাবীনের অভিনয়ের বিষয়টি এতদিন আনুষ্ঠানিকভাবে প্রকাশ্যে আসেনি।

সোমবার (৫ অক্টোবর) রাতে প্রযোজক শাহরিয়ার শাকিলের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা একটি ছবি ঘিরে নতুন করে আলোচনায় আসে সিনেমাটি। ছবিতে শাহরিয়ার শাকিলের সঙ্গে দেখা যায় আফরান নিশো ও মেহজাবীন চৌধুরীকে। এরপরই ‘পুলসিরাত’-এ এই দুই তারকার অভিনয়ের বিষয়টি নিয়ে জোরালো আলোচনা শুরু হয়।

জানুয়ারিতে শুরু হতে পারে শুটিং

প্রযোজনা-সংশ্লিষ্ট একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, সিনেমাটির প্রি-প্রোডাকশনের কাজ প্রায় শেষ পর্যায়ে। সব প্রস্তুতি শেষ করে আগামী জানুয়ারির শুরুতে শুটিংয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।

পরিকল্পনা অনুযায়ী, টানা প্রায় এক মাস শুটিং করে সিনেমাটির দৃশ্যধারণ শেষ করা হবে। এরপর ফেব্রুয়ারিতে পোস্ট-প্রোডাকশনের কাজ শেষ করার প্রস্তুতি রয়েছে।

সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী রোজার ঈদে মুক্তি পেতে পারে ‘পুলসিরাত’। সে ক্ষেত্রে মার্চেই বড়পর্দায় প্রথমবারের মতো জুটি হিসেবে দেখা যাবে নিশো ও মেহজাবীনকে।

ভিকি জাহেদের চলচ্চিত্রে অভিষেক

নিশো-মেহজাবীনের চলচ্চিত্রে অভিষেকের পাশাপাশি ‘পুলসিরাত’ ভিকি জাহেদের ক্যারিয়ারেও নতুন অধ্যায়ের সূচনা করবে।

‘পুনর্জন্ম’, ‘চিরকাল আজ’ ও ‘রেডরাম’-এর মতো নাটক ও ওয়েব কনটেন্ট নির্মাণ করে আলোচনায় আসা ভিকি জাহেদ এবার চলচ্চিত্র নির্মাণে নামছেন।

এর আগে তার নির্মাণে একাধিক নাটক ও ওয়েব কনটেন্টে একসঙ্গে কাজ করেছেন নিশো ও মেহজাবীন। পর্দার সেই জনপ্রিয় জুটিকে এবারই প্রথম দেখা যাবে সিনেমায়।

বাড়তি আগ্রহ দর্শকদের

‘পুলসিরাত’ প্রযোজনা করছে এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেড। প্রতিষ্ঠানটির প্রযোজনায় সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি আলোচিত সিনেমা মুক্তি পেয়েছে।

নিশো-মেহজাবীনের প্রথম সিনেমা এবং ভিকি জাহেদের চলচ্চিত্রে অভিষেক—দুই কারণেই ‘পুলসিরাত’ নিয়ে দর্শকদের মধ্যে এরই মধ্যে তৈরি হয়েছে বাড়তি আগ্রহ।