শিবগঞ্জ
উপজেলায় বিদেশে লোক পাঠানো সংক্রান্ত বিরোধের জেরে বাবুল আলী নামে একব্যক্তিকে শাবল ও লাঠি দিয়ে
পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। তিনি শিবগঞ্জের দাইপুকুরিয়া ইউনিয়নের সাহারিবাটা বাটাগ্রাম এলাকার গোল মোহম্মদের ছেলে। ৬ মাস পূর্বে
তিনি দুবাই থেকে দেশে ফেরেন।
পুলিশ জানায়, গতকাল বিকালে একই এলাকার কয়েক ব্যক্তি বাবুলকে ধরে নিকটের একটি আমবাগানে নিয়ে গিয়ে পিটিয়ে হাত-পা ভেঙ্গে দেয়।
বাবুলের স্ত্রীর বরাতে পুলিশ আরও
জানায়, সন্ধ্যা ৬টার দিকে বাবুলকে মারধরের
সংবাদ পাবার পর তাঁকে উদ্ধার
করে হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসকের বরাতে পুলিশ আরও জানায়, সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত পৌনে ১১টার মধ্যে বাবুলের মৃত্যু হয়েছে।
শিবগঞ্জ
থানার অফিসার ইনচার্জ (ওসি) মতিউর রহমান বলেন, বাবুল বিদেশ থেকে ফেরার পর বিদেশে লোক
পাঠানোর সাথে জড়িত ছিলেন বলে জানা গেছে। তিনি
নিজ এলাকার এক ব্যাক্তিকে রাশিয়া
পাঠানোর পর ওই ব্যাক্তি
রাশিয়া-ইউক্রেন যুদ্ধে নিহত হন। এতে নিহত ব্যাক্তির স্বজনদের সাথে তাঁর বিরোধ সৃষ্টি হয়। এ নিয়ে এলাকায়
কয়েকবার সালিশ বৈঠকও হয়। তবে সমস্যার
সুরাহা হয় নি। এই
বিরোধের জেরেই রবিবার
বাবুলকে হত্যা করা হয় বলে ধারণা
করা হচ্ছে। ঘটনার বিস্তারিত তদন্ত শুরু হয়েছে। ওসি আরও বলেন, তবে বাবুলের স্ত্রী দাবি করেছেন, বাবুল নিজে সরাসরি রাশয়ায় লোক পাঠান নি। বরং লোক পাঠানো এজেন্সীর সাথে যুদ্ধে
নিহত ব্যাক্তির যোগাযোগ ঘটিয়ে দিয়েছিলেন।ওসি আরও জানান, পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় জড়িতদের
গ্রেপ্তারে অভিযান চলছে।