মঙ্গলবার ২৪ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ || ১৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে ৫ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত ১ চাঁপাইনবাবগঞ্জে ৭০০ বস্তা ইউরিয়া সারবোঝাই ট্রাকসহ চালক আটক চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধ, শিশু সুরক্ষা ও ডেঙ্গু সচেতনতায় প্রচারাভিযান অনুষ্ঠিত মিয়ানমারে রোহিঙ্গাদের ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া ছক্কার তাণ্ডবে রেকর্ডবুক তছনছ, ৫২ বলেই সূর্যবংশীর ডাবল সেঞ্চুরি ডেঙ্গুতে মৃত্যু ৪, হাসপাতালে ভর্তি ১১৪৫ বাংলাদেশকে ২০৩২ সাল পর্যন্ত জিএসপি সুবিধা দেবে কানাডা ২৪ ঘণ্টায় হাম উপসর্গে প্রাণ গেল আরও ৯ জনের, নতুন আক্রান্ত ১৩৫১ ২৯ নভেম্বর থেকে ১ ডিসেম্বর দলগুলোর সঙ্গে মতবিনিময় করবে ইসি
Printed on: November 24, 2026
October 05, 2026
বিনোদন
বিনোদন

কানাডার উৎসবে সেরা অভিনেত্রী তুষি, ‘রইদ’ পেল তিন পুরস্কার

Published: October 05, 2026 at 10:48 AM
কানাডার উৎসবে সেরা অভিনেত্রী তুষি, ‘রইদ’ পেল তিন পুরস্কার

কানাডার ‘মোজাইক ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল’-এর ১২তম আসরে সাফল্য পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘রইদ’। উৎসবটিতে একসঙ্গে তিনটি পুরস্কার জিতেছে মেজবাউর রহমান সুমন পরিচালিত সিনেমাটি। ‘রইদ’-এর ‘সাদুর বউ’ চরিত্রে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন নাজিফা তুষি। একই সঙ্গে সিনেমাটি সেরা সিনেমাটোগ্রাফি ও সেরা সংগীত বিভাগেও পুরস্কার অর্জন করেছে। একসঙ্গে তিনটি পুরস্কার জেতার খবরে উচ্ছ্বসিত সিনেমাটির নির্মাতা ও কলাকুশলীরা। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের আনন্দের কথা জানিয়েছেন ‘রইদ’–এর সঙ্গে যুক্ত শিল্পী ও নির্মাতারা।


কানাডার অন্যতম গুরুত্বপূর্ণ চলচ্চিত্র উৎসব হিসেবে পরিচিত ‘মোজাইক ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল’। দক্ষিণ এশিয়ার চলচ্চিত্রের জন্যও উৎসবটি আন্তর্জাতিক দর্শক ও নির্মাতাদের কাছে নিজেদের কাজ তুলে ধরার গুরুত্বপূর্ণ একটি প্ল্যাটফর্ম হয়ে উঠেছে।


এবারের আসরে সেরা চলচ্চিত্রের পুরস্কার পেয়েছে নেপালের সিনেমা ‘এলিফ্যান্টস ইন দ্য ফগ’। সিনেমাটি এর আগে কান চলচ্চিত্র উৎসবের আঁ সার্তে রিগা বিভাগে জুরি পুরস্কারও পেয়েছিল। এর আগে ‘রইদ’ নেদারল্যান্ডসের রটারড্যাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে জায়গা করে নেয়। বিশ্বের বিভিন্ন চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে সিনেমাটি। এ বছর অস্কারের আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার জন্যও ‘রইদ’ নির্বাচিত হয়েছে। ফলে আন্তর্জাতিক অঙ্গনে সিনেমাটির যাত্রায় নতুন মাত্রা যোগ হয়েছে।


গ্রামীণ বাংলাদেশের প্রেক্ষাপটে নির্মিত ‘রইদ’-এ অ্যাডাম-ইভের পৌরাণিক গল্পের আশ্রয়ে এক রহস্যময় উপাখ্যান তুলে ধরেছেন নির্মাতা মেজবাউর রহমান সুমন। সিনেমাটিতে নাজিফা তুষি ছাড়াও অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান, গাজী রাকায়েত, আহসাবুল ইয়ামিন রিয়াদসহ অনেকে।