সোমবার ০৫ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ২০শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ২২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: October 05, 2026
October 05, 2026
আন্তর্জাতিক
আন্তর্জাতিক

জানুয়ারির বিক্ষোভে অংশ নেওয়া ৩৩ জনের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

Published: October 05, 2026 at 10:33 AM
জানুয়ারির বিক্ষোভে অংশ নেওয়া ৩৩ জনের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

ইরানভিত্তিক মানবাধিকার সংগঠন সেন্টার ফর হিউম্যান রাইটস ইন ইরান (সিএইচআরআই) জানিয়েছে, দেশটি ২০২৬ সালের জানুয়ারির বিক্ষোভে গ্রেপ্তার হওয়া অন্তত ৩৩ জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে। সংগঠনটি আরও জানিয়েছে, প্রায় ১০০ বিক্ষোভকারী মৃত্যুদণ্ডের মুখে রয়েছেন। সোমবার প্রকাশিত এক বিবৃতিতে সিএইচআরআই জানায়, গত ২০ মার্চ থেকে এসব মৃত্যুদণ্ড কার্যকর শুরু হয়। তবে অনেকের নাম ও মামলার বিস্তারিত তথ্য মৃত্যুদণ্ড কার্যকরের পর প্রকাশ্যে আসে।মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের পরিবার ও স্বজনদের ওপর চাপ ও হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেছে সংগঠনটি। একই সঙ্গে এসব মামলায় কাজ করা স্বাধীন মানবাধিকার আইনজীবীরাও চাপের মুখে রয়েছেন বলে জানিয়েছে তারা।


২০২৬ সালের জানুয়ারির বিক্ষোভের শুরু হয়েছিল আগের বছরের ২৮ ডিসেম্বর। ইরানের অবনতিশীল অর্থনৈতিক পরিস্থিতির প্রতিবাদে শুরু হওয়া আন্দোলন পরে দেশজুড়ে ছড়িয়ে পড়ে। একপর্যায়ে বিক্ষোভকারীরা ইরানের ধর্মীয় নেতৃত্বের বিরুদ্ধেও অবস্থান নেন। বিক্ষোভের ঘটনায় ইরানি কর্তৃপক্ষ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করার অভিযোগ করে আসছে। কর্তৃপক্ষের দাবি, বিক্ষোভ শুরুতে শান্তিপূর্ণ ও সংবিধানসম্মত ছিল। পরে সশস্ত্র গোষ্ঠীর ‘অনুপ্রবেশের’ কারণে তা সহিংস হয়ে ওঠে। ইরানে বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড দেওয়ার ঘটনায় আন্তর্জাতিক উদ্বেগও তৈরি হয়েছে। সম্প্রতি জাতিসংঘের মানবাধিকার পরিষদের অধিবেশনের আগে দেওয়া এক যৌথ বিবৃতিতে ৪৬টি দেশ ইরানের মৃত্যুদণ্ডের ব্যবহার নিয়ে উদ্বেগ জানায়। বিশেষ করে বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড দেওয়ার বিষয়টির সমালোচনা করে দেশগুলো।