সোমবার ০৫ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ২০শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ২২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: October 05, 2026
October 05, 2026
আন্তর্জাতিক
আন্তর্জাতিক

চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন ৩ বিজ্ঞানী

Published: October 05, 2026 at 10:30 AM
চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন ৩ বিজ্ঞানী

বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ নোবেল পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা শুরু হয়েছে। প্রথম দিনে চিকিৎসাক্ষেত্রে যৌথভাবে নোবেল পুরস্কার জিতেছেন তিনজন।  আলো-নিয়ন্ত্রিত আয়ন চ্যানেল ও অপটোজেনেটিক্স সম্পর্কিত আবিষ্কারের জন্য কার্ল ডেইসারোথ, পিটার হেগেমান এবং জর্জি নাগেলকে চিকিৎসাবিজ্ঞান বা শারীরতত্ত্বে ২০২৬ সালের নোবেল পুরস্কার দেওয়া হয়েছে। আজ বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় সুইডেনের রাজধানী স্টকহোম থেকে চিকিৎসা ক্ষেত্রে নোবেল পুরস্কারজয়ীর নাম ঘোষণা করা হয়। করোলিনস্কা ইনস্টিটিউটের নোবেল অ্যাসেম্বলি এ সিদ্ধান্ত নিয়েছে। চিকিৎসাবিজ্ঞান সংক্রান্ত নোবেল কমিটির সেক্রেটারি-জেনারেল থমাস পার্লম্যান স্টকহোম থেকে চিকিৎসাবিজ্ঞানের নোবেলজয়ীদের নাম ঘোষণা করেন।


১৯০১ থেকে ২০২৬ সাল পর্যন্ত মোট ১১৭বার চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার প্রদান করা হয়েছে এবং এতে মোট ২৩৪ জন বিজয়ী হয়েছেন। নোবেল পুরস্কার কমিটির ওয়েবসাইট nobelprize.org  ও ইউটিউব চ্যানেলে নোবেলবিজয়ীর নাম সরাসরি সম্প্রচার করা হয়।  আগামীকাল মঙ্গলবার পদার্থবিজ্ঞান, বুধবার রসায়ন, বৃহস্পতিবার সাহিত্য এবং শুক্রবার শান্তিতে নোবেলজয়ীর নাম ঘোষণা করা হবে। আগামী ১২ অক্টোবর ঘোষণা করা হবে অর্থনীতিতে নোবেলজয়ীর নাম। নরওয়ের রাজধানী অসলো থেকে শান্তিতে নোবেল পুরস্কার ঘোষণা করা হবে। বাকি বিজয়ীদের নাম ঘোষণা করা হবে সুইডেনের স্টকহোম থেকে। আগামী ১০ ডিসেম্বর আলফ্রেড নোবেলের মৃত্যুবার্ষিকীতে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। পুরস্কার হিসেবে দেওয়া হবে অর্থ, সনদ ও স্বর্ণপদক।