বৃহস্পতিবার ০১ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ১৬ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ১৮ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: October 01, 2026
October 01, 2026
খেলাধুলা
খেলাধুলা

ডি থ্রিতে টাকার বদলে পয়েন্টে হবে ক্রিকেটারদের নিলাম

Published: October 01, 2026 at 10:08 AM
ডি থ্রিতে টাকার বদলে পয়েন্টে হবে ক্রিকেটারদের নিলাম

নিলাম বলতেই সাধারণত অর্থের লড়াইয়ের চিত্র চোখে ভেসে ওঠে। যে দলের বাজেট যত বেশি, পছন্দের ক্রিকেটারকে দলে নেওয়ার সুযোগও থাকে তত বেশি। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন ডি থ্রি টুর্নামেন্টে থাকছে ভিন্ন পদ্ধতি। এখানে ক্রিকেটার দলে ভেড়াতে টাকার বদলে ব্যবহার করা হবে পয়েন্ট। অর্থের নিলাম পদ্ধতির পরিবর্তে পয়েন্টভিত্তিক নিলামের পরিকল্পনা করেছে বিসিবি। ক্রিকেট অপারেশন্স ইনচার্জ শাহরিয়ার নাফীস জানিয়েছেন, টুর্নামেন্টে ক্রিকেটারদের ম্যাচ ফি ও দৈনিক ভাতা আগে থেকেই নির্ধারিত থাকবে। ডি থ্রি টুর্নামেন্ট নিয়ে আয়োজকদের নেওয়া উদ্যোগের কথা জানিয়ে নাফীস বলেন, ‘ডি থ্রি টুর্নামেন্ট নিয়ে খুব সফলভাবে দুটি প্রোগ্রাম করেছি। দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। এই টুর্নামেন্টে ম্যাচ ফি ও ডেইলি অ্যালাউন্স নির্ধারিত।’


নিলামের পদ্ধতি ব্যাখ্যা করে তিনি বলেন, ‘অকশনের যে সিস্টেম, তা পয়েন্টের সিস্টেমে। অকশনে যত বেশি ডাকা যায় তত পেমেন্ট, এখানে এমন থাকছে না। পয়েন্ট অকশন হবে।’ অর্থাৎ প্রতিটি দলের জন্য নির্দিষ্ট পরিমাণ পয়েন্ট বরাদ্দ থাকবে। সেই সীমার মধ্যেই পুরো দল সাজাতে হবে। নির্ধারিত পয়েন্টের বেশি খরচ করে কোনো ক্রিকেটারকে দলে নেওয়ার সুযোগ থাকবে না। নাফীস বলেন, ‘প্রতিটি দলের পার্স বেধে দেওয়া থাকবে, যে এত পয়েন্টের বেশি কেউ ডাকতে পারবে না। দলগুলোকে ঐ পয়েন্টের মধ্যে থেকেই দল গঠন করতে হবে।’ ডি থ্রির একটি দলে মোট ২৩ জন ক্রিকেটার থাকবেন। এর মধ্যে একজন করে আইকন ক্রিকেটার আগেই নির্ধারিত হয়েছে। ফলে নিলামের মাধ্যমে বাকি ২২ ক্রিকেটারকে দলে নেওয়ার সুযোগ পাবে দলগুলো।


নাফীস জানান, ‘২৩ জন খেলোয়াড় নিয়ে দল করতে হবে। আইকন নেওয়া হয়েছে, বাকি ২২ জন নিবে দলগুলো।’ ফলে প্রচলিত অর্থের নিলামের পরিবর্তে পয়েন্টের হিসাবেই এবার ডি থ্রির দলগুলোর মধ্যে ক্রিকেটার দলে নেওয়ার প্রতিযোগিতা হবে।