বৃহস্পতিবার ০১ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ১৬ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ১৮ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: October 01, 2026
October 01, 2026
খেলাধুলা
খেলাধুলা

ভারতের কাছে বিধ্বস্ত শ্রীলঙ্কাই এখন বাংলাদেশের প্রতিপক্ষ

Published: October 01, 2026 at 10:07 AM
ভারতের কাছে বিধ্বস্ত শ্রীলঙ্কাই এখন বাংলাদেশের প্রতিপক্ষ

এশিয়ান গেমসে সোনার লড়াই থেকে ছিটকে গেছে শ্রীলঙ্কা। দ্বিতীয় সেমিফাইনালে ভারতের কাছে ১২৪ রানের বিশাল ব্যবধানে হেরে ফাইনালের টিকিট পায়নি তারা। ফলে এবার ব্রোঞ্জ পদকের লড়াইয়ে বাংলাদেশের মুখোমুখি হবে লঙ্কানরা। নিশিনের কোরোগি স্পোর্টস ক্লাবে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠায় শ্রীলঙ্কা। শুরুটা ভালো না হলেও পরে ইশান কিষানের দুর্দান্ত ব্যাটিংয়ে ২০ ওভারে ৭ উইকেটে ১৬৯ রান সংগ্রহ করে ভারত। ৪৬ বলে ৪ চার ও ৫ ছক্কায় ৮০ রান করে অপরাজিত থাকেন ইশান। ভারতের ইনিংসের শুরুতেই চাপে পড়েছিল তারা। প্রথম ৬ ওভারে ২ উইকেট হারিয়ে ৫৮ রান করে ভারত। এরপর শ্রীলঙ্কার বোলার ও ফিল্ডাররা নিয়মিত চাপ তৈরি করেন। ১৯তম ওভারের প্রথম বলে শিবম দুবেকে ফিরিয়ে দুর্দান্ত একটি ক্যাচ নেন শ্রীলঙ্কার অধিনায়ক সাহান আরাশশিগে।


তবে ১৭০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই ভারতের বোলারদের সামনে অসহায় হয়ে পড়ে শ্রীলঙ্কা। একের পর এক উইকেট হারিয়ে মাত্র ৯.৫ ওভারেই ৪৫ রানে অলআউট হয় তারা। শ্রীলঙ্কার ইনিংসে পাঁচ ব্যাটার রানের খাতা খুলতেই পারেননি। সিনেত জয়াবর্ধনে, লাসিথ ক্রুসপুল ও সোহান দি লিভেরা ছাড়াও আসেন বান্দারা ও বিনুরা ফার্নান্দো শূন্য রানে আউট হন। ভারতের হয়ে বুমরা ও অক্ষর প্যাটেল দুটি করে উইকেট নেন। শেষদিকে অভিষেক শর্মা এক ওভারে তিনটি উইকেট নিয়ে শ্রীলঙ্কার ইনিংসের ইতি টানেন। দশম ওভারের তৃতীয় বলে রানআউট হন তারিন্দু রত্নায়েকে। পরের দুই বলে চামিকা করুণারত্নে ও বিনুরা ফার্নান্দোকে ফিরিয়ে দেন অভিষেক।


এর আগে প্রথম সেমিফাইনালে পাকিস্তানের কাছে ৬ উইকেটে হেরে ফাইনালের দৌড় থেকে ছিটকে যায় বাংলাদেশ। একই দিনে শ্রীলঙ্কারও বিদায় নিশ্চিত হওয়ায় এখন ব্রোঞ্জ পদকের জন্য মুখোমুখি হবে দুই দল। আগামী ৩ অক্টোবর নিশিনের কোরোগি স্পোর্টস ক্লাবে অনুষ্ঠিত হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ। বাংলাদেশ সময় সকাল ৬টায় শুরু হবে ম্যাচটি।