শুক্রবার ০৪ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ২০শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ || ২১ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: September 04, 2026
May 14, 2026
খেলাধুলা
খেলাধুলা

১৬ বছর পর ইন্টার মিলানের ‘ডাবল’ জয়

Published: May 14, 2026 at 09:51 AM
১৬ বছর পর ইন্টার মিলানের ‘ডাবল’ জয়

ইতালিয়ান ফুটবলে আবারও নিজেদের শক্ত অবস্থান জানান দিল ইন্টার মিলান। দীর্ঘ ১৬ বছর পর একই মৌসুমে সিরি আ ও ইতালিয়ান কাপ জিতে জোড়া শিরোপা উৎসবে মাতল দলটি। সর্বশেষ ২০১০ সালে হোসে মরিনিয়োর অধীনে ঐতিহাসিক ট্রেবল জিতেছিল ইন্টার। এরপর এবারই প্রথম দুটি বড় ঘরোয়া শিরোপা একসঙ্গে ঘরে তুলল তারা। বুধবার রাতে ইতালিয়ান কাপের ফাইনালে লাৎসিওকে ২-০ গোলে হারিয়ে শিরোপা নিশ্চিত করে ইন্টার। এই জয়ে ক্লাবটির ইতালিয়ান কাপ ট্রফির সংখ্যা দাঁড়িয়েছে ১০টিতে। এর আগে চলতি মাসের শুরুতেই তিন ম্যাচ হাতে রেখে সিরি আ শিরোপা নিশ্চিত করেছিল মিলানের দলটি। রোমে অনুষ্ঠিত ফাইনালের ১৪ মিনিটে কর্নার থেকে আসা বল বিপদমুক্ত করতে গিয়ে আত্মঘাতী গোল করেন লাৎসিও ডিফেন্ডার অ্যাডাম মারুসিচ। সেই গোলেই এগিয়ে যায় ইন্টার। এরপর ৩৫ মিনিটে লাৎসিওর ডিফেন্ডার নুনো তাভারেসের ভুলে দ্বিতীয় গোলের সুযোগ তৈরি হয়। দ্রুত বল দখলে নিয়ে আক্রমণ সাজান ডেনজেল ডামফ্রিস। তার বাড়ানো বল সহজেই জালে পাঠান অধিনায়ক মার্তিনেজ।


ইন্টারের এই সাফল্যের পেছনে বড় ভূমিকা রেখেছেন কোচ কিভু। গত মৌসুমে পারমাকে অবনমন থেকে বাঁচিয়ে আলোচনায় আসা এই রোমানিয়ান কোচ দায়িত্ব নিয়েই ইন্টারকে এনে দিয়েছেন জোড়া সাফল্য। উল্লেখযোগ্য বিষয় হলো, ২০১০ সালের ট্রেবলজয়ী ইন্টার দলের সদস্যও ছিলেন তিনি। গত মৌসুমে নাপোলির কাছে লিগ শিরোপা হারানোর পাশাপাশি চ্যাম্পিয়নস লিগের ফাইনালে পিএসজির বিপক্ষে বড় ব্যবধানে হারার পর দলটির কোচে পরিবর্তন আনা হয়। এরপরই নতুন অধ্যায়ের সূচনা করেন কিভু।