বুধবার ১৯ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ || ৪ঠা ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ || ৫ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: August 19, 2026
August 19, 2026
চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে অনলাইন জুয়া প্রতিরোধে করণীয় বিষয়ক সভা অনুষ্ঠিত

Published: August 19, 2026 at 11:17 AM
চাঁপাইনবাবগঞ্জে অনলাইন জুয়া প্রতিরোধে করণীয় বিষয়ক সভা অনুষ্ঠিত
  • চাঁপাইনবাবগঞ্জে অনলাইন জুয়ার নীরব মহামারী প্রতিরোধে করণীয় বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক আবু ছালেহ মোঃ মুসা জঙ্গীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ একরামুল হক, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক উজ্জ্বল কুমার ঘোষ, চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান, র‌্যাব চাঁপাইনবাবগঞ্জের কমান্ডার ইফতেখার হোসেন মাহমুদ, বাংলাদেশ ব্যাংকের যুগ্মপরিচালক আব্দুর রাজ্জাক, নবাবগঞ্জ কামিল আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ ড. ইমরান হোসেন, নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসিনুর রহমানসহ অন্যান্যরা।

  • সভায় জেলা প্রশাসক আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী বলেন, একসময় নির্দিষ্ট স্থানে বসে জুয়া খেলা হতো। আধুনিক প্রযুক্তির যুগে সেই জুয়া এখন অনলাইনে ছড়িয়ে পড়েছে। দ্রুত অর্থ উপার্জন ও ভোগবিলাসের আশায় অনেকেই লোভে পড়ে অনলাইন জুয়ায় আসক্ত হচ্ছেন। তিনি বলেন, বিদেশে বসে অনলাইন জুয়ার গডফাদাররা এসব কার্যক্রম পরিচালনা করছে। তিনি আরও বলেন, মেহেরপুর, চুয়াডাঙ্গা, চাঁপাইনবাবগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় অনলাইন জুয়া ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে। এ বছরের মে মাস থেকে এ পর্যন্ত দেশে ২৬৮টি জুয়ার ওয়েবসাইট বন্ধ করা হয়েছে। সরকারি তথ্য অনুযায়ী, দেশে ৫০ লাখের বেশি মানুষ জুয়ার সঙ্গে জড়িত। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, দিন দিন শিক্ষার্থীরাও অনলাইন জুয়ার সঙ্গে জড়িয়ে পড়ছে।

  • সভায় জুয়ার বিস্তার রোধে শিক্ষার্থীদের কাউন্সেলিংয়ের ওপর গুরুত্বারোপ করেন জেলা প্রশাসক। পাশাপাশি সামাজিক মূল্যবোধ জাগ্রত করা এবং পরিবার ও শিক্ষকদের কার্যকর ভূমিকা পালনের মাধ্যমে তরুণ প্রজন্মকে অনলাইন জুয়ার ক্ষতিকর প্রভাব থেকে দূরে রাখার আহ্বান জানান তিনি। সভায় অনলাইন জুয়ার বিস্তার রোধ, তরুণ ও শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধি এবং সামাজিকভাবে এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার বিষয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করা হয়।