যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মধ্যাঞ্চলে একটি কনসার্টে বন্দুকধারীদের গুলিতে অন্তত নয়জন আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের বুকে গুলি লেগেছে এবং তার অবস্থা আশঙ্কাজনক। সোমবার আরব নিউজ তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। খবরে বলা হয়, স্থানীয় শেরিফ দফ্তর রোববার এ তথ্য জানিয়েছেন। কাউন্টি শেরিফের কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তুলারে কাউন্টির পাহাড়ি অঞ্চলের ছোট শহর স্ট্র্যাথমোরে এ ঘটনা ঘটে। প্রায় ১৫০ দর্শকের উপস্থিতিতে চলা কনসার্টে অজ্ঞাতসংখ্যক হামলাকারী গুলি চালায়। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তারের খবর পাওয়া যায়নি।
গুলিবিদ্ধদের মধ্যে ২৬ বছর বয়সী এক যুবকের বুকে গুলি লাগে। অস্ত্রোপচারের পরও তার অবস্থা আশঙ্কাজনক রয়েছে। এ ছাড়া ১৯ ও ২২ বছর বয়সী আরও দুজনের অস্ত্রোপচার করতে হয়েছে। বাকি ছয়জন সামান্য আহত হয়েছেন। কর্তৃপক্ষের ধারণা, এই হামলার সঙ্গে গ্যাং বা অপরাধী চক্রের সংশ্লিষ্টতা থাকতে পারে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। প্রায় তিন হাজার বাসিন্দার শহরটিতে আয়োজিত ওই কনসার্টে পার্শ্ববর্তী কয়েকটি অঙ্গরাজ্য থেকে শিল্পীরা অংশ নিয়েছিলেন বলে জানিয়েছে শেরিফের কার্যালয়।
এ বিষয়ে বিস্তারিত জানতে ইমেইলে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো জবাব দেয়নি কর্তৃপক্ষ। তবে তারা জানিয়েছে, জনসাধারণের জন্য তাৎক্ষণিক কোনো নিরাপত্তাঝুঁকি আর নেই।