সোমবার ২৩ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ৮ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ || ১২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: November 23, 2026
November 23, 2026
আন্তর্জাতিক
আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ায় ক্যান্ডি কারখানায় অগ্নিকাণ্ড, এখনও নিখোঁজ ২৯

Published: November 23, 2026 at 07:10 AM
ইন্দোনেশিয়ায় ক্যান্ডি কারখানায় অগ্নিকাণ্ড, এখনও নিখোঁজ ২৯

ইন্দোনেশিয়ার পশ্চিম জাভার একটি ক্যান্ডি কারখানায় অগ্নিকাণ্ডে এখনও নিখোঁজ রয়েছেন অন্তত ২৯ জন। ঘটনাস্থল থেকে পুলিশ ২৪টি মৃতদেহ বহনকারী ব্যাগ সরিয়ে নিয়েছে। নিখোঁজ কর্মীদের সন্ধানে সোমবার সকাল থেকে আবার কাজ শুরু করেছেন উদ্ধারকর্মীরা। রোববার রাতে অনুসন্ধান কাজ বন্ধ রাখা হয়েছিল। রয়টার্স জানিয়েছে, এই কারখানাটি ইন্দোনেশিয়ার ইউনাইটেড ফ্যামিলি ফুড কোম্পানির অংশ। এটি ১৯৮১ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। শনিবার স্থানীয় সময় সন্ধ্যার দিকে বানতেন প্রদেশের সেরাং জেলার চিকান্দে শহরের পিটি ফনুসা আগুং মুলিয়া ক্যান্ডি কারখানায় আগুন লাগে। আগুনে কারখানাটি প্রায় ধ্বংস হয়ে গেছে। কারখানাটির সিইও স্টিভেন আরউইন উইজায়া এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, শনিবার আগুন যখন লাগে তখনকার পালায় প্রায় ৩০০ জন কর্মী উপস্থিত ছিলেন।


একই সংবাদ সম্মেলনে, পুলিশের দুর্যোগে নিহত ব্যক্তিদের শনাক্তকরণ বিভাগের কর্মকর্তা ওয়াহিউ হিদায়াতি জানান, আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে উদ্ধারকৃত মরদেহগুলো খালি চোখে দেখে শনাক্ত করা সম্ভব হচ্ছে না। এর ফলে নিখোঁজ শ্রমিকদের স্বজন এবং তাদের ব্যক্তিগত জিনিসপত্র থেকে ডিএনএ নমুনা সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে, এই প্রক্রিয়াটি সম্পন্ন হতে দুই থেকে তিন সপ্তাহ সময় লাগতে পারে। পরে এক বিবৃতিতে কারখানা কর্তৃপক্ষ জানায়, একটি তিনতলা ভবনের তৃতীয় তলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে, সেখানে ৬৫ জন কর্মী ছিলেন। তাদের মধ্যে ২৪ জন বাড়ি ফিরেছেন, ২৯ জন নিখোঁজ রয়েছেন, আহত চারজনকে চিকিৎসা দেওয়া হয়েছে আর বাকি আটজনের অবস্থা নিশ্চিত হওয়া যায়নি।


পুলিশ জানিয়েছে, একটি মৃতদেহ বহনকারী ব্যাগে একাধিক ব্যক্তির শরীরের অংশ থাকতে পারে। তাই এ অগ্নিকাণ্ডে ঠিক কতোজন নিহত হয়েছেন তা তাৎক্ষণিকভাবে পরিষ্কার হয়নি। রোববার প্রাথমিকভাবে তিনজনের মৃত্যুর কথা জানানো হয়েছিল। কর্তৃপক্ষ জানিয়েছে, কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে। কর্মকর্তারা জানিয়েছেন, ভবনটির অংশগুলো ধসে পড়ার ঝুঁকিতে রয়েছে।


ইউনাইটেড ফ্যামিলি ফুড পুরো ইন্দোনেশিয়াজুড়ে ভোগ্যপণ্য উৎপাদন করে। প্রতিষ্ঠানটিতে প্রায় ৫০০০ কর্মী কাজ করেন। কোম্পানিটি তাদের জাতীয় সদর দপ্তর এবং চারটি আন্তর্জাতিক কার্যালয়ের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করে। বিশ্বজুড়ে তাদের ২৫ কোটিরও বেশি ভোক্তার একটি বিশাল বাজার রয়েছে।