শনিবার ২১ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ || ১০ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: November 21, 2026
November 21, 2026
আন্তর্জাতিক
আন্তর্জাতিক

সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তি চেয়ে জাতিসংঘের আহ্বান

Published: November 21, 2026 at 12:13 PM
সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তি চেয়ে জাতিসংঘের আহ্বান

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে দ্রুত মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক। কারাগারে তার শারীরিক অবস্থা ও চিকিৎসাসেবা নিয়ে উদ্বেগ প্রকাশের পাশাপাশি দেশটির রাজনৈতিক উত্তেজনা কমানোর ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

সিএনএনের সাংবাদিক ক্রিস্টিয়ান আমানপুরকে দেওয়া এক সাক্ষাৎকারে ভলকার তুর্ক বলেন, ইমরান খানকে মুক্তি দেওয়া হলে পাকিস্তানের সরকার ও বিরোধী দলের মধ্যে পারস্পরিক আস্থা তৈরির সুযোগ সৃষ্টি হতে পারে। একই সঙ্গে কারাবন্দি অবস্থায় তার যথাযথ চিকিৎসা ও মানবিক আচরণ নিশ্চিত করার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।

বর্তমানে আদিয়ালা কারাগারে বন্দি রয়েছেন ৭৪ বছর বয়সী ইমরান খান। তার স্বাস্থ্য পরিস্থিতি এবং কারাগারে চিকিৎসার সুযোগ নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে। এর আগে ইমরানের ছেলে কাসিম খানও বাবার নিরাপত্তা নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপ কামনা করেন। পাকিস্তানের সামরিক নেতৃত্বের বিরুদ্ধে দমন-পীড়ন, অপহরণ ও সহিংসতার অভিযোগও তোলেন তিনি।

ইমরান খানের কারাবাসের পরিবেশ ও শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সংস্থাটির দাবি, পরিবারের সদস্য, আইনজীবী ও চিকিৎসকদের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে তার ওপর বিভিন্ন বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

অ্যামনেস্টির তথ্যমতে, ২০২৫ সালের ডিসেম্বরের পর থেকে ২০২৬ সালের আগস্টে বোনের সঙ্গে দুটি সাক্ষাৎ ছাড়া পরিবারের অন্য সদস্যদের সঙ্গে দেখা করার সুযোগ পাননি ইমরান। এমনকি ২০২৬ সালের মার্চের পর থেকে ছেলেদের সঙ্গে টেলিফোনে কথা বলার সুযোগও বন্ধ রয়েছে।

দীর্ঘ সময় একাকী কারাবাসে রাখা এবং বাইরের মানুষের সঙ্গে যোগাযোগ সীমিত করে দেওয়ায় তার শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা জানিয়েছে সংস্থাটি।

ইমরানের রক্তচাপজনিত জটিলতার বিষয়টিও উল্লেখ করেছে অ্যামনেস্টি। সংস্থাটির ভাষ্য অনুযায়ী, গত আগস্টে পাকিস্তানের সুপ্রিম কোর্ট তাকে বেসরকারি হাসপাতালে নেওয়ার নির্দেশ দিলেও স্বাধীন চিকিৎসকের মাধ্যমে পরীক্ষা করানোর সুযোগ দেওয়া হয়নি বলে অভিযোগ রয়েছে।