দেশের
প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুরের জরুরি পরিস্থিতি মোকাবিলার সক্ষমতা ও অবকাঠামোগত প্রস্তুতি
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) স্বীকৃতি অর্জন করেছে। সংস্থাটির ১০ দিনব্যাপী জরুরি
প্রস্তুতি পর্যালোচনা (ইপিআরইভি) মিশনের প্রতিবেদনে কেন্দ্রটির নিজস্ব সাড়াদান ব্যবস্থা, বিশেষায়িত চিকিৎসাকেন্দ্র এবং আধুনিক অগ্নিনির্বাপণ প্রশিক্ষণ কাঠামোকে শক্তিশালী দিক হিসেবে চিহ্নিত করা হয়েছে। প্রকল্পসংশ্লিষ্টদের তথ্যমতে, কেন্দ্রটির অভ্যন্তরীণ বা অন-সাইট
জরুরি ব্যবস্থাপনায় কোনো সুনির্দিষ্ট ঘাটতি কিংবা সংশোধনের সুপারিশ করেনি আইএইএ। বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বায়েরা) তত্ত্বাবধানে গত ৮ থেকে
১৮ নভেম্বর পর্যন্ত এই পর্যালোচনা কার্যক্রম
পরিচালিত হয়। ১৮ নভেম্বর প্রকাশিত
এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইএইএ বাংলাদেশের জরুরি প্রস্তুতির ইতিবাচক দিকগুলো তুলে ধরার পাশাপাশি জাতীয় পর্যায়ে আন্তপ্রাতিষ্ঠানিক সমন্বয় আরও সুসংহত করার পরামর্শ দিয়েছে।