শুক্রবার ২০ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ || ৯ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: November 20, 2026
November 20, 2026
বিনোদন
বিনোদন

আয়ের নতুন মাইলফলকে ‘রামায়ণ’, বিশ্বজুড়ে কত আয় করল সিনেমাটি?

Published: November 20, 2026 at 02:49 PM
আয়ের নতুন মাইলফলকে ‘রামায়ণ’, বিশ্বজুড়ে কত আয় করল সিনেমাটি?

বক্স অফিসে একের পর এক রেকর্ড গড়ে এগিয়ে চলছে নীতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ’। রণবীর কাপুর, সাই পল্লবী ও যশ অভিনীত সিনেমাটি বিশ্বজুড়ে ১৬০০ কোটি রুপির ব্যবসার মাইলফলকের কাছাকাছি পৌঁছে গেছে। মুক্তির ১৫তম দিনে সিনেমাটির বিশ্বব্যাপী আয় দাঁড়িয়েছে ১৫৪৭.১৫ কোটি রুপি। এর মধ্য দিয়ে সর্বোচ্চ আয় করা ভারতীয় সিনেমার তালিকায় পঞ্চম স্থানে উঠে এসেছে এটি। এবার ছবিটির লক্ষ্য ১৭৪২ কোটি রুপি আয় করা ‘পুষ্পা ২’-কে ছাড়িয়ে যাওয়া। বাণিজ্য বিশ্লেষকদের হিসাব অনুযায়ী, মুক্তির ১৫তম দিনে ভারতে কর বাদে ১৯.৩৫ কোটি রুপি আয় করেছে ‘রামায়ণ’। এদিন দেশটিতে পাঁচটি ভাষায় সিনেমাটির মোট ২১ হাজার ৪৩৭টি শো অনুষ্ঠিত হয়। এর মধ্যে হিন্দি সংস্করণ থেকে এসেছে ১৪ কোটি রুপি। এ ছাড়া মালয়ালম সংস্করণে ১ কোটি ৭৫ লাখ, তামিলে ১ কোটি ৫০ লাখ, কন্নড়ে ১ কোটি ৪০ লাখ এবং তেলুগু সংস্করণ থেকে ৭০ লাখ রুপি আয় হয়েছে। ১৫তম দিনের আয় যুক্ত হওয়ার পর ভারতে সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ১০৩২.১৫ কোটি রুপি। এর মধ্যে কর বাদে আয় ৮৬৩.৭৫ কোটি রুপি। অন্যদিকে, বিদেশের বাজার থেকে এসেছে আরও ৫ কোটি রুপি। ফলে আন্তর্জাতিক বাজারে সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ৫১৫ কোটি রুপি। সব মিলিয়ে বিশ্বজুড়ে ‘রামায়ণ’র আয় এখন ১৫৪৭.১৫ কোটি রুপি। শুধু বক্স অফিসের আয় নয়, টিকিট বিক্রিতেও দারুণ সাফল্য পেয়েছে সিনেমাটি। মুক্তির ১৫তম দিনে প্রায় ৯ লাখ ২৮ হাজার ১৮৮টি টিকিট বিক্রি হয়েছে। সব মিলিয়ে সিনেমাটির টিকিট বিক্রির সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ৪৮ লাখ ৯৫ হাজার ৮৫টি। বিশ্বজুড়ে সর্বোচ্চ আয় করা ভারতীয় সিনেমার তালিকায় বর্তমানে পঞ্চম স্থানে রয়েছে ‘রামায়ণ’। ২০৭০ কোটি রুপি আয় নিয়ে তালিকার শীর্ষে রয়েছে আমির খানের ‘দঙ্গল’। দ্বিতীয় স্থানে রয়েছে ‘ধুরন্ধর ২’, যার বিশ্বব্যাপী আয় ১৮১৩.৪০ কোটি রুপি। ১৭৮৮ কোটি রুপি আয় নিয়ে তৃতীয় স্থানে ‘বাহুবলী ২’। আর ১৭৪২ কোটি রুপি ব্যবসা করে চতুর্থ স্থানে রয়েছে ‘পুষ্পা ২’। ফলে চতুর্থ স্থানে উঠে আসতে হলে ‘রামায়ণ’-কে আরও প্রায় ১৯৫ কোটি রুপি আয় করতে হবে। মুক্তির প্রথম ১৪ দিনেই বিশ্বজুড়ে ১৫১৯.০৫ কোটি রুপির ব্যবসা করেছিল সিনেমাটি। বাণিজ্য বিশ্লেষক সংস্থার দাবি, এত কম সময়ে ১৫০০ কোটির ক্লাবে প্রবেশের নজির এর আগে কোনো ভারতীয় সিনেমার ছিল না। এই মাইলফলকে পৌঁছাতে ‘ধুরন্ধর ২’-এর সময় লেগেছিল ১৬ দিন। ‘পুষ্পা ২’-এর ১৭ দিন, ‘বাহুবলী ২’-এর ২০ দিন এবং ‘দঙ্গল’র লেগেছিল ৩০ দিন। ভারতের বাজারেও একাধিক রেকর্ড গড়েছে রণবীরের সিনেমাটি। ভারতে ১০০০ কোটি রুপি মোট আয়ের মাইলফলক অতিক্রম করা ষষ্ঠ ভারতীয় সিনেমা এটি। এর আগে এই কৃতিত্ব অর্জন করেছে ‘বাহুবলী ২’, ‘কেজিএফ: চ্যাপ্টার ২’, ‘পুষ্পা ২’, ‘ধুরন্ধর’ ও ‘ধুরন্ধর ২’। দ্বিতীয় সপ্তাহের আয়েও নতুন নজির গড়েছে ‘রামায়ণ’। দ্বিতীয় সপ্তাহ শেষে সব ভাষা মিলিয়ে কর বাদে সিনেমাটির আয় হয়েছে ১৯৬ কোটি রুপি। এর মধ্য দিয়ে ‘ধুরন্ধর ২’-এর ১৭২.৭০ কোটি রুপির আগের রেকর্ড ভেঙেছে ছবিটি। দ্বিতীয় সপ্তাহের প্রথম ছয় দিনেই সিনেমাটির আয় ছিল ২৭৯.৮০ কোটি রুপি। এই আয় ‘পুষ্পা ২’, ‘বাহুবলী ২’ ও ‘ধুরন্ধর ২’-এর দ্বিতীয় সপ্তাহের আয়ের রেকর্ডকেও ছাড়িয়ে গেছে। মুক্তির পঞ্চম দিনেই ভারতে কর বাদে ১০৭.৫০ কোটি রুপি আয় করেছিল ‘রামায়ণ’। এক দিনে ১০০ কোটি রুপির বেশি আয় করা দ্বিতীয় হিন্দি সিনেমা হিসেবে রেকর্ড গড়ে এটি। এর আগে এই কৃতিত্ব ছিল ‘ধুরন্ধর ২’-এর। প্রথম দিনেও বক্স অফিসে নজর কেড়েছিল সিনেমাটি। মুক্তির দিন ভারতে কর বাদে ৬৪.৮৫ কোটি রুপি আয় করে রণবীর কাপুর, সাই পল্লবী ও পরিচালক নীতেশ তিওয়ারির ক্যারিয়ারের সর্বোচ্চ ওপেনিংয়ের নজির গড়ে ‘রামায়ণ’। রণবীরের ‘অ্যানিম্যাল’-এর প্রথম দিনের ৬৩.৮০ কোটি রুপির আয়কেও ছাড়িয়ে যায় ছবিটি। একই সঙ্গে সাই পল্লবীর ‘অমরন’ এবং নীতেশ তিওয়ারির ‘দঙ্গল’র প্রথম দিনের আয়ের রেকর্ডও ভেঙেছে সিনেমাটি। দক্ষিণ ভারতের বাজারেও সাফল্য পেয়েছে ‘রামায়ণ’। কর্নাটক, অন্ধ্রপ্রদেশ-তেলেঙ্গানা, তামিলনাড়ু ও কেরালায় আলাদাভাবে ৫০ কোটি রুপির বেশি আয় করা প্রথম বলিউড সিনেমা হিসেবে নজির গড়েছে এটি। মুক্তির ১৪তম দিনে তামিলনাড়ুতেও ৫০ কোটির গণ্ডি পেরিয়ে যায় ছবিটি। বিদেশের বাজারেও ভালো ব্যবসা করছে সিনেমাটি। উত্তর আমেরিকায় ২ কোটি ৫০ লাখ ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৩২ কোটি রুপির সমপরিমাণ আয় করেছে ‘রামায়ণ’। ‘ধুরন্ধর ২’র পর দ্বিতীয় বলিউড সিনেমা হিসেবে এই মাইলফলক স্পর্শ করেছে এটি। ওই বাজারে ভারতীয় সিনেমার সর্বোচ্চ আয়ের তালিকায় ‘বাহুবলী ২’-কেও পেছনে ফেলেছে ছবিটি। উত্তর আমেরিকায় ২ কোটি ৮৬ লাখ ৪০ হাজার ডলার আয় নিয়ে শীর্ষে রয়েছে ‘ধুরন্ধর ২’। টিকিট বিক্রির ক্ষেত্রেও রয়েছে নতুন রেকর্ড। জনপ্রিয় অনলাইন টিকিট বিক্রির প্ল্যাটফর্মে এক দিনে প্রায় ১৬ লাখ ৬০ হাজার টিকিট বিক্রি হয়েছে সিনেমাটির। কোনো বলিউড সিনেমার ক্ষেত্রে ওই প্ল্যাটফর্মে এক দিনে এটিই সর্বোচ্চ টিকিট বিক্রির নজির। মুক্তির পর প্রথম সোমবার, অর্থাৎ ৯ নভেম্বর ছিল টিকিট বিক্রির সবচেয়ে ব্যস্ত দিন। সব মিলিয়ে বক্স অফিসে ‘রামায়ণ’র দাপট অব্যাহত রয়েছে। বিশ্বজুড়ে ১৫৪৭ কোটি রুপির বেশি আয় করে এরই মধ্যে ভারতীয় সিনেমার ইতিহাসে জায়গা করে নিয়েছে ছবিটি। এখন দেখার বিষয়, আরও প্রায় ১৯৫ কোটি রুপি আয় করে ‘পুষ্পা ২’-কে ছাড়িয়ে চতুর্থ স্থানে উঠে আসতে পারে কি না রণবীর কাপুর, সাই পল্লবী ও যশ অভিনীত সিনেমাটি।