একসময় ঢালিউডের পর্দায় নিয়মিত দেখা যেত তাঁকে। কখনো শাকিব খানের বিপরীতে রোমান্টিক চরিত্রে, কখনো আবার ভিন্নধর্মী গল্পে নিজের অভিনয় দিয়ে দর্শকের নজর কেড়েছেন। কিন্তু সেই চেনা মুখ এখন অনেকটাই আড়ালে। তিনি শবনম ইয়াসমিন বুবলী। কেবিন ক্রু থেকে সংবাদপাঠিকা, সেখান থেকে চলচ্চিত্রের নায়িকা বুবলীর পথচলা ছিল বেশ ব্যতিক্রমী। তবে ক্যারিয়ারের ১০ বছর পূর্তির সময়েই তাঁকে ঘিরে তৈরি হয়েছে নতুন কৌতূহল। দ্বিতীয়বার মা হওয়ার পর কোথায় রয়েছেন অভিনেত্রী? কবে ফিরবেন বড় পর্দায়? ২০ নভেম্বর বুবলীর জন্মদিন। প্রতিবছর এই দিন ঘিরে ভক্তদের মধ্যে আলাদা উন্মাদনা দেখা গেলেও এবার পরিস্থিতি কিছুটা অন্য রকম। বেশ কয়েক মাস ধরেই জনসমক্ষে দেখা যাচ্ছে না তাঁকে। নতুন সিনেমার প্রচার, শুটিং কিংবা বিনোদন জগতের বিভিন্ন অনুষ্ঠানেও তাঁর উপস্থিতি নেই। ফলে তাঁর অভিনয়ে ফেরা নিয়ে তৈরি হয়েছে নানা প্রশ্ন।
কেবিন ক্রু থেকে নায়িকা: চলচ্চিত্রে আসার আগে বুবলী কাজ করেছেন উড়োজাহাজের কেবিন ক্রু হিসেবে। পরে বাংলাভিশনে সংবাদপাঠিকা হিসেবে যোগ দেন। সেখান থেকেই ক্যামেরার সামনে পরিচিতি তৈরি হয় তাঁর। ২০১৬ সালে শামীম আহমেদ রনির ‘বসগিরি’ ছবির মাধ্যমে বড় পর্দায় অভিষেক। প্রথম ছবিতেই বিপরীতে পান শাকিব খানকে। একই ঈদে মুক্তি পায় তাঁদের আরেক ছবি ‘শুটার’। এরপর একের পর এক সিনেমায় শাকিবের সঙ্গে জুটি বেঁধে জনপ্রিয়তা পান বুবলী। ‘পাসওয়ার্ড’, ‘বীর’, ‘ক্যাপ্টেন খান’, ‘রংবাজ’সহ বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করে ঢালিউডে নিজের জায়গা তৈরি করেন তিনি। পরবর্তী সময়ে শাকিবের বাইরে নিরব, আদর আজাদ, মাহফুজ আহমেদ, শরীফুল রাজ ও সিয়াম আহমেদের সঙ্গেও কাজ করেছেন। বিশেষ করে ‘প্রহেলিকা’, ‘টান’ ও ‘দেয়ালের দেশ’-এ তাঁর অভিনয় প্রশংসিত হয়।
ব্যক্তিগত জীবনেও আলোচনায়: শাকিব খানের সঙ্গে বুবলীর সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা রয়েছে। ২০২২ সালে দুজনই তাঁদের বিয়ে ও সন্তানের খবর প্রকাশ্যে আনেন। বুবলী জানান, ২০১৮ সালের ২০ জুলাই শাকিবকে বিয়ে করেন তিনি। তাঁদের ছেলে শেহজাদ খান বীরের জন্ম ২০২০ সালের ২১ মার্চ।
দ্বিতীয়বার মাতৃত্ব, তারপর থেকেই আড়ালে: এবার বুবলীর জীবনে এসেছে নতুন অতিথি। গত ৫ জুন সামাজিক যোগাযোগমাধ্যমে কন্যাসন্তানের মা হওয়ার খবর জানান অভিনেত্রী। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, ১১ মে জন্ম হয়েছে মেয়ের। মেয়ের নাম রেখেছেন শারলিন খান। তবে দ্বিতীয়বার মা হওয়ার পরও জনসমক্ষে খুব একটা দেখা যায়নি তাঁকে। সম্প্রতি নিজের প্রযোজনা প্রতিষ্ঠানের নতুন লোগোর খবর জানিয়েছেন বুবলী। কোরিওগ্রাফার গৌতম সাহার সঙ্গে একটি ভিডিও বার্তাতেও দেখা গিয়েছে তাঁকে। সেখানে আগামী বছরের জানুয়ারিতে একটি অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা জানান তিনি। ফলে দীর্ঘ বিরতির পর ধীরে ধীরে কাজে ফেরার ইঙ্গিত মিলছে।
কবে ফিরবেন বড় পর্দায়?
বুবলীর অভিনয়ে ফেরা নিয়ে ইতিমধ্যেই চলচ্চিত্র অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। জাহিদ হোসেনের ‘ঢাকাইয়া দেবদাস’ ছবির মাধ্যমে শুটিংয়ে ফেরার কথা শোনা যাচ্ছে। পরিচালকের পরিকল্পনা অনুযায়ী, আগামী জানুয়ারিতে ঢাকেশ্বরী মন্দিরে তাঁর অংশের দৃশ্য ধারণ হতে পারে। পাশাপাশি নতুন সিনেমা নিয়েও কয়েকজন পরিচালকের সঙ্গে কথাবার্তা চলছে বলে জানা গিয়েছে। তবে কবে থেকে নিয়মিত অভিনয়ে ফিরবেন, সে বিষয়ে বুবলীর পক্ষ থেকে এখনও চূড়ান্ত ঘোষণা আসেনি। একদিকে দুই সন্তানের মা হিসেবে নতুন দায়িত্ব, অন্যদিকে এক দশকের অভিনয়জীবন সব মিলিয়ে বুবলীর পরবর্তী পদক্ষেপের দিকে তাকিয়ে রয়েছেন তাঁর অনুরাগীরা। জন্মদিনে তাই একটাই প্রশ্ন, আবার কবে আগের মতো ক্যামেরার সামনে ফিরবেন এই অভিনেত্রী?