শুক্রবার ২০ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ || ৯ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: November 20, 2026
November 20, 2026
খেলাধুলা
খেলাধুলা

কুলপদ্দীর পুকুর থেকে বিশ্বমঞ্চে, প্রয়াত বাবার স্বপ্নপূরণের পথে যুথী

Published: November 20, 2026 at 02:09 PM
কুলপদ্দীর পুকুর থেকে বিশ্বমঞ্চে, প্রয়াত বাবার স্বপ্নপূরণের পথে যুথী

মাদারীপুরের কুলপদ্দী গ্রামের একটি ছোট্ট পুকুর। দৈর্ঘ্য প্রায় ৪০ মিটার। সেই পুকুরেই সাঁতারের হাতেখড়ি যুথী আক্তারের। তখন কে জানতো, এই পুকুরে সাঁতার কাটা মেয়েটিই একদিন দেশের অন্যতম সেরা নারী সাঁতারু হয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন! গ্রামের সেই পুকুর থেকে হাঙ্গেরি হয়ে এবার তার গন্তব্য চীনের রাজধানী বেইজিং। তবে যুথীর এই পথচলা শুধু একজন সাঁতারুর সাফল্যের গল্প নয়, এর সঙ্গে জড়িয়ে আছে একজন বাবার স্বপ্ন, পরিবারের সংগ্রাম আর হার না মানা এক মেয়ের এগিয়ে যাওয়ার কাহিনী। মাদারীপুর সদর উপজেলার কুলপদ্দী গ্রামের মো. মাজেদ মোল্লার চার মেয়ের মধ্যে সবার ছোট যুথী। কোনো পুত্রসন্তান না থাকায় ছোট মেয়েকে ঘিরেই ছিল তার বিশেষ স্বপ্ন। মেয়েকে একজন ক্রীড়াবিদ হিসেবে গড়ে তুলতে চেয়েছিলেন তিনি। সেই স্বপ্ন পূরণের পথে অনেক দূর এগিয়েছেন যুথী। কিন্তু মেয়ের সাফল্যের পুরো গল্প দেখে যেতে পারেননি বাবা মাজেদ মোল্লা। পেশায় অটোরিকশাচালক মাজেদ ২০২০ সালে দুর্ঘটনার শিকার হন। অটোরিকশা চালানোর সময় ভয়াবহ ওই দুর্ঘটনায় তার কোমর ভেঙে যায়। প্রায় সাত মাস অসুস্থ অবস্থায় বিছানায় থাকার পর স্ত্রী আলো বেগম ও চার মেয়েকে রেখে পৃথিবী ছেড়ে চলে যান তিনি। মেয়েকে ক্রীড়াবিদ হিসেবে দেখার যে স্বপ্ন তার ছিল, সেটির পূর্ণতা দেখার সুযোগ আর হয়নি। বাবার মৃত্যুর পর বদলে যায় যুথীদের পরিবারের জীবন। বড় তিন বোনেরই বিয়ে হয়ে গেছে। দুজন থাকেন বরিশালে, আরেকজন মাদারীপুরে। কুলপদ্দীর বাড়িতে এখন অনেকটা একাই থাকেন মা আলো বেগম। বাংলাদেশ নৌবাহিনীর পেটি অফিসার হিসেবে কর্মরত যুথীর পাঠানো অর্থেই চলে তার মায়ের সংসার। বোনেরাও সুযোগ পেলেই মায়ের কাছে যান, সময় কাটান। পরিবারের দায়িত্ব পালনের পাশাপাশি বাবার স্বপ্নটিও বয়ে নিয়ে চলেছেন যুথী।


ফুপাতো বোনের হাত ধরে শুরু

যুথীর সাঁতারু হয়ে ওঠার গল্পটা বেশ নাটকীয়। ২০১৫ সালে তিনি যখন প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী, তখন বাংলাদেশ সাঁতার ফেডারেশন আয়োজন করে ‘সেরা সাঁতারুর খোঁজে’ কর্মসূচি। মাদারীপুরেও অনুষ্ঠিত হয়েছিল এর বাছাইপর্ব। যুথীর চেয়ে দুই-তিন বছরের বড় এক ফুপাতো বোনের হাত ধরে সেদিন ট্রায়ালে অংশ নিতে চলে যান তিনি। সাঁতার ফেডারেশনের বাছাইয়ে সারা দেশ থেকে ১৬০ জনকে নির্বাচন করা হয়। ঢাকায় তাদের নিয়ে শুরু হয় তিন মাসের প্রশিক্ষণ শিবির। সেখানেও নিজের যোগ্যতার প্রমাণ দিয়ে ৬০ জনের চূড়ান্ত তালিকায় জায়গা করে নেন যুথী। এরপর নজরে পড়েন বাংলাদেশ নৌবাহিনীর কোচদের। ২০১৯ সালে নৌবাহিনীর সঙ্গে চুক্তিবদ্ধ হন তিনি। দীর্ঘ পথ পেরিয়ে ২০২৫ সালে এই প্রতিষ্ঠানে স্থায়ীভাবে পেটি অফিসার হিসেবে নিয়োগ পান। অথচ প্রতিযোগিতামূলক সাঁতারে নামার কোনো ভাবনাই ছিল না তার। কুলপদ্দীর বাড়ির পাশের পুকুরে সাঁতার কাটতেই ভালো লাগতো। যুথীর ভাষায়, ‘আমাদের একটা পুকুর ছিল। প্রায় ৪০ মিটারের মতো দৈর্ঘ্য। সেখানে সাঁতার শিখেছি, সাঁতার কেটেছি। তবে কখনো কল্পনাও করিনি প্রতিযোগিতামূলক সাঁতারে অংশ নেব। আর ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের মতো প্রতিযোগিতা, তা তো স্বপ্নেও ভাবিনি।’


জাতীয় সাফল্য থেকে বিশ্বমঞ্চে

বয়সভিত্তিক জাতীয় সাঁতার প্রতিযোগিতায় দুবার অংশ নিয়ে সর্বোচ্চ রৌপ্যপদক জিতেছিলেন যুথী। ২০২১ সাল থেকে শুরু করেন সিনিয়র জাতীয় চ্যাম্পিয়নশিপে অংশ নেওয়া। এরপর ২০২৫ সাল পর্যন্ত টানা জাতীয় চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জয়ের কৃতিত্ব দেখান তিনি। তবে চলতি বছরের সর্বশেষ জাতীয় চ্যাম্পিয়নশিপে সেই ধারায় ছেদ পড়ে। নিজ প্রতিষ্ঠানের হয়ে দুই মাসের একটি কোর্সে ব্যস্ত থাকায় নিয়মিত অনুশীলন করতে পারেননি। ফলে স্বর্ণের বদলে রৌপ্যপদক নিয়েই সন্তুষ্ট থাকতে হয় তাকে। তবে সেই ফলাফল তার আত্মবিশ্বাসে চিড় ধরাতে পারেনি। আন্তর্জাতিক অঙ্গনে নিজেকে আরও এগিয়ে নেওয়ার লক্ষ্যেই এখন তার প্রস্তুতি। ২০২৪ সালে হাঙ্গেরিতে প্রথমবারের মতো অংশ নেন ওয়ার্ল্ড সুইমিং চ্যাম্পিয়নশিপে। ৫০ ও ১০০ মিটার ব্যাকস্ট্রোকে তার টাইমিং ছিল যথাক্রমে ৩১.৬৩ সেকেন্ড ও ১ মিনিট ১.৮৩ সেকেন্ড। এবার দ্বিতীয়বারের মতো বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ এই প্রতিযোগিতায় অংশ নিতে যাচ্ছেন তিনি। আগামী ১ থেকে ৬ ডিসেম্বর বেইজিংয়ে বসবে ওয়ার্ল্ড সুইমিং চ্যাম্পিয়নশিপের আসর। সেখানে বাংলাদেশের হয়ে অংশ নেবেন যুথী ও দেশসেরা পুরুষ সাঁতারু সামিউল ইসলাম রাফি। এবার যুথীর ইভেন্ট ৫০ মিটার ব্যাকস্ট্রোক ও ৫০ মিটার ফ্রিস্টাইল। তার প্রিয় ইভেন্টের তালিকায় রয়েছে ৫০, ১০০ ও ২০০ মিটার ব্যাকস্ট্রোকের পাশাপাশি ৫০ মিটার ফ্রিস্টাইলও। বেইজিংয়ে আগের চেয়ে ভালো টাইমিং করাই তার প্রধান লক্ষ্য। প্রতিযোগিতার মান ও অংশগ্রহণকারীদের বিবেচনায় পদক কিংবা সামনের সারিতে থাকার স্বপ্ন বাস্তবসম্মত না হলেও নিজের সেরাটা দিতে চান তিনি। যুথীর কথায়, ‘আমি ওখানে আরও ভালো টাইমিং করতে চাই। অনেক ভালো ফল করে দেশের গৌরব বৃদ্ধি করতে চাই। সেটাই থাকবে লক্ষ্য।


চোখ এখন এসএ গেমস ও অলিম্পিকে

বিশ্ব চ্যাম্পিয়নশিপে অংশ নেওয়াকে যুথী দেখছেন নিজের অভিজ্ঞতা ও দক্ষতা বাড়ানোর সুযোগ হিসেবে। তবে তার স্বপ্নের পরিধি আরও বড়। আগামী বছর হওয়ার কথা দক্ষিণ এশীয় গেমস (এসএ গেমস)। ২০১৬ সালের পর এই প্রতিযোগিতায় সাঁতার থেকে আর কোনো স্বর্ণপদক পায়নি বাংলাদেশ। সেই আক্ষেপ ঘোচাতে চান যুথী। সে জন্য কঠোর অনুশীলনের পরিকল্পনা তার। যুথী বলেন, ‘এসএ গেমসের জন্য আমি কঠোর অনুশীলন করব, যাতে পুলে আমরা আগের ঐতিহ্য ফিরিয়ে আনতে পারি। আর আমি চোখ রাখছি অলিম্পিকে। বিশ্বের সবচেয়ে বড় এই ক্রীড়া আসরে ক্যারিয়ারের সেরা টাইমিং করে দেশের সম্মান বৃদ্ধি করতে চাই। একসময় বাবার উৎসাহে মাত্র ১০ বছর বয়সে ফুপাতো বোনের হাত ধরে ট্রায়ালে গিয়েছিলেন যুথী। সেই ছোট্ট মেয়েটিই আজ দেশের পতাকা নিয়ে নামছেন বিশ্বসাঁতারের মঞ্চে। বাবা মাজেদ মোল্লা দেখে গেছেন মেয়ের নৌবাহিনীতে চুক্তিবদ্ধ হওয়ার সাফল্য, কিন্তু দেখে যেতে পারেননি তার বিশ্বমঞ্চে ওঠার গল্প। তাই প্রতিটি নতুন অর্জনের সঙ্গে যেন মিশে থাকে বাবার স্মৃতি। কুলপদ্দীর সেই পুকুর থেকে যুথীর যাত্রা এখন বেইজিংয়ের আন্তর্জাতিক সুইমিং পুলে। সামনে এসএ গেমস, আরও দূরে অলিম্পিক। পথটা কঠিন, প্রতিদ্বন্দ্বিতাও কঠোর। তবু যুথীর চোখে স্বপ্ন। নিজের সেরাটা দিয়ে বাবার সেই স্বপ্নকে আরও উঁচুতে নিয়ে যেতে চান তিনি। শুধু নিজের সাফল্যের জন্য নয়, দেশের সুনাম ছড়িয়ে দেওয়ার প্রত্যয়েই এগিয়ে চলেছেন বাংলাদেশের এই সাঁতারু।