তারকাদের বিশ্রাম দিয়ে নতুনদের পরখ করার মঞ্চ তৈরি করছে দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশের বিপক্ষে আসন্ন ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য ঘোষিত দলেই স্পষ্ট প্রোটিয়াদের এই পরিকল্পনা। নিয়মিত অধিনায়ক টেম্বা বাভুমা ও এইডেন মার্করামদের ছাড়াই দুই সংস্করণে ভিন্ন নেতৃত্বে মাঠে নামবে স্বাগতিকরা। সুযোগ পাচ্ছেন কয়েকজন তরুণ ক্রিকেটার, চোট কাটিয়ে ফিরছেন লুঙ্গি এনগিডি ও কোয়েনা মাফাকার মতো পেসার। বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা। ওয়ানডেতে নেতৃত্বের দায়িত্ব পেয়েছেন বাঁহাতি স্পিনার কেশব মহারাজ। পায়ের পেশির চোট থেকে সেরে ওঠার প্রক্রিয়ায় থাকায় নিয়মিত অধিনায়ক বাভুমাকে পাওয়া যাচ্ছে না। অন্যদিকে টি-টোয়েন্টি দলের নেতৃত্ব দেবেন বিয়র্ন ফরটুইন। নিয়মিত অধিনায়ক মার্করামকে দেওয়া হয়েছে বিশ্রাম। প্রোটিয়াদের এই দল নির্বাচনে সবচেয়ে বড় বিবেচনা সম্ভবত সামনে থাকা ইংল্যান্ড সিরিজ। বাংলাদেশের বিপক্ষে সাদা বলের দুই সংস্করণের লড়াইয়ের পর ইংল্যান্ডের বিপক্ষে আরও তিনটি টেস্ট খেলবে দক্ষিণ আফ্রিকা। সে কারণে বাভুমা, মার্করাম, ম্যাথু ব্রিটজকে, রায়ান রিকেলটন, কাগিসো রাবাদা ও মার্কো ইয়ানসেনের মতো নিয়মিত ক্রিকেটারদের এই দুই সিরিজে রাখা হয়নি। ওয়ানডে দলের নেতৃত্বে মহারাজকে বেছে নেওয়াটাও উল্লেখযোগ্য। সাদা বলের ক্রিকেটে অভিজ্ঞ এই স্পিনারকে ঘিরেই সাজানো হয়েছে নতুন নেতৃত্বের পরিকল্পনা। তবে সেঞ্চুরিয়নে বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টেও তাকে দেখা যাবে না। প্রথম টেস্টের একাদশে জায়গা না পাওয়া মহারাজকে টেস্ট দল থেকে সরিয়ে তার পরিবর্তে নেওয়া হয়েছে বাঁহাতি স্পিনার ও অলরাউন্ডার সেনুরান মুতুসামিকে। বাভুমার অনুপস্থিতিতে দ্বিতীয় টেস্টে দক্ষিণ আফ্রিকাকে নেতৃত্ব দেবেন মার্করাম। পেস আক্রমণেও ফিরছে পুরোনো শক্তি। হ্যামস্ট্রিংয়ের চোটে মৌসুমের শুরু থেকে মাঠের বাইরে থাকা লুঙ্গি এনগিডি ওয়ানডে সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন। তাকে নিয়ে দক্ষিণ আফ্রিকার পেস বিভাগে থাকছেন আনরিখ নর্কিয়া, করবিন বশ, জেরাল্ড কোয়েটজি, ডুয়ান ইয়ানসেন ও এনকোবানি মোকোয়েনা। দীর্ঘদিন পর ওয়ানডে দলে ফিরেছেন নর্কিয়াও। ২০২৩ বিশ্বকাপের আগে সর্বশেষ এই সংস্করণে খেলেছিলেন তিনি। দ্বিতীয় টেস্টে মাঠে ফেরার মতো ফিট হয়ে ওঠার কথা এই পেসারের। ব্যাটিং বিভাগে প্রোটিয়াদের ভরসা কুইন্টন ডি কক, লুয়ান-ড্রে প্রিটোরিয়াস ও ট্রিস্টান স্টাবস। পাশাপাশি উইকেটকিপার-ব্যাটার সিনেথেম্বা কেশিলেকেও রাখা হয়েছে ওয়ানডে দলে। ২০২৫ সালে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে অভিষেক হওয়া এই ক্রিকেটারের সামনে নিজেকে প্রমাণের আরেকটি সুযোগ অপেক্ষা করছে। টি-টোয়েন্টি দলেও রয়েছে নতুন মুখ ও প্রত্যাবর্তনের গল্প। হ্যামস্ট্রিংয়ের চোট কাটিয়ে ফিরেছেন বাঁহাতি পেসার কোয়েনা মাফাকা। তরুণ এই পেসারকে নিয়ে সংক্ষিপ্ত সংস্করণে বোলিং আক্রমণ আরও বৈচিত্র্যময় করতে চাইবে দক্ষিণ আফ্রিকা। অধিনায়ক ফরটুইনের আন্তর্জাতিক নেতৃত্বের অভিজ্ঞতাও রয়েছে। চলতি বছরের শুরুতে নামিবিয়ার বিপক্ষে দক্ষিণ আফ্রিকাকে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। ওয়ানডে সিরিজে টেস্ট দলের বেশির ভাগ ক্রিকেটারকে বিশ্রাম দিলেও নর্কিয়া, বশ ও টনি ডি জর্জিকে দলে রেখেছে দক্ষিণ আফ্রিকা। বশ ও ডি জর্জি প্রথম টেস্টে খেলেননি। ফলে তাদের সামনে ওয়ানডে সিরিজে নিজেদের সামর্থ্য দেখানোর সুযোগ থাকছে। বাংলাদেশের জন্যও এই সিরিজ হতে পারে প্রোটিয়াদের নতুন সমীকরণ বুঝে নেওয়ার পরীক্ষা। পরিচিত কয়েকজন তারকা না থাকলেও নিজেদের মাঠে দক্ষিণ আফ্রিকার শক্তি যে কমে যাচ্ছে, তা বলার সুযোগ নেই। বরং নতুন নেতৃত্ব, তরুণ ক্রিকেটার এবং চোট কাটিয়ে ফেরা পেসারদের নিয়ে স্বাগতিকেরা কতটা কার্যকর দল গড়ে তুলতে পারে, সেটিই হবে দেখার বিষয়। আগামী ১ ডিসেম্বর প্রথম ওয়ানডে দিয়ে শুরু হবে দুই দলের সাদা বলের লড়াই। পরের দুটি ম্যাচ হবে ৪ ও ৭ ডিসেম্বর। এরপর ১০, ১২ ও ১৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ডিসেম্বরের শুরুতে দক্ষিণ আফ্রিকার মাটিতে বাংলাদেশের সামনে অপেক্ষা করছে ছয় ম্যাচের কঠিন পরীক্ষা!
ওয়ানডে দল
কেশব মহারাজ (অধিনায়ক), ডেভাল্ড ব্রেভিস, করবিন বশ, জেরাল্ড কোয়েটজি, কুইন্টন ডি কক, টনি ডি জর্জি, বিয়র্ন ফরটুইন, জর্ডান হারমান, ডুয়ান ইয়ানসেন, এনকোবানি মোকোয়েনা, লুয়ান-ড্রে প্রিটোরিয়াস, আনরিখ নর্কিয়া, লুঙ্গি এনগিডি, সিনেথেম্বা কেশিলে ও ট্রিস্টান স্টাবস।
টি-টুয়েন্টি দল
বিয়র্ন ফরটুইন (অধিনায়ক), ডেভাল্ড ব্রেভিস, জেরাল্ড কোয়েটজি, কনর ইস্টারহিউজেন, ডোনোভান ফেরেইরা, জর্ডান হারমান, ডুয়ান ইয়ানসেন, কোয়েনা মাফাকা, এনকোবানি মোকোয়েনা, এনকাবা পিটার, লুয়ান-ড্রে প্রিটোরিয়াস, সিনেথেম্বা কেশিলে, ট্রিস্টান স্টাবস ও প্রেনেলান সুব্রায়েন।