শুক্রবার ২০ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ || ৯ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: November 20, 2026
November 20, 2026
খেলাধুলা
খেলাধুলা

মেসির মা বলেছেন, তার ছেলের উত্তরসূরি নিকো পাস

Published: November 20, 2026 at 02:26 PM
মেসির মা বলেছেন, তার ছেলের উত্তরসূরি নিকো পাস

লিওনেল মেসির উত্তরসূরি কে হবেন, তা নিয়ে আলোচনা চলছেই। আর্জেন্টিনার তরুণ তারকা নিকো পাসের নামও উঠে আসছে সেই আলোচনায়। এবার তাকে নিয়ে এমন এক মন্তব্য সামনে এসেছে, যা নিঃসন্দেহে বাড়তি তাৎপর্য বহন করে। মেসির মা সেলিয়া কুচ্চিত্তিনি নাকি নিজেই নিকোকে বলেছেন, ‘তুমিই আমার ছেলের উত্তরসূরি। ঘটনাটি মেসির জাতীয় দল থেকে বিদায়ের ম্যাচের দিন। বেনিনের বিপক্ষে সেই ম্যাচে গ্যালারিতে ছিলেন নিকো পাসের চাচা ফাবিয়ান পাসও। আর্জেন্টাইন রেডিও ‘লা রেদ’-কে দেওয়া সাক্ষাৎকারে তিনিই সামনে এনেছেন এই ঘটনা। ফাবিয়ানের বর্ণনা অনুযায়ী, মেসির বিদায়ী ম্যাচে লকার রুম থেকে বেরিয়ে আসছিলেন নিকো। সেখানে উপস্থিত ছিলেন মেসির মা সেলিয়া। আবেগাপ্লুত সেলিয়াকে চিনতে পেরে তার কাছে গিয়ে শুভেচ্ছা জানান তরুণ এই ফুটবলার। তখনই নিকোর হাত ধরে কথাটি বলেন সেলিয়া। সেই মুহূর্তের বর্ণনা দিতে গিয়ে ফাবিয়ান বলেন, ‘মেসির বিদায়ী ম্যাচে আমি ওকে দেখতে গিয়েছিলাম। নিকো লকার রুম থেকে বেরিয়ে আসার সময় মেসির মা সেখানে ছিলেন। তখন তিনি আবেগাপ্লুত হয়ে কাঁদছিলেন। নিকো তাকে চিনত বলে এগিয়ে গিয়ে শুভেচ্ছা জানায়। তখন সেলিয়া ওর হাত ধরে বলেন, “তুমিই আমার ছেলের উত্তরসূরি।” এই কথা শুনে নিকো একেবারে হতবাক হয়ে গিয়েছিল। মেসির মায়ের কাছ থেকে এমন স্বীকৃতি পেলেও নিজেকে আর্জেন্টাইন কিংবদন্তির উত্তরসূরি ভাবেন না নিকো। বরং মেসির সঙ্গে দেখা করা কিংবা তাঁর পাশে খেলার সুযোগ পাওয়াকেই নিজের জন্য বড় প্রাপ্তি মনে করেন তিনি। ফাবিয়ানের মতে, নিকো স্বভাবগতভাবেই বিনয়ী এবং নিজের অবস্থান নিয়ে বেশ শান্ত। নিকোর অনুভূতি বোঝাতে চাচা বলেন, ‘নিকো খুবই শান্ত ও বিনয়ী স্বভাবের ছেলে। সে নিজেকে মেসির উত্তরসূরি মনে করে না। ওর কাছে লিওর সঙ্গে দেখা করা এবং তার পাশে খেলার সুযোগ পাওয়াই ছিল চূড়ান্ত প্রাপ্তি। সেটা ছিল যেন হাত দিয়ে আকাশ ছোঁয়ার মতো অনুভূতি। বর্তমানে ইতালির ক্লাব কোমোর হয়ে খেলছেন নিকো। আর্জেন্টিনার বাইরে থাকায় দেশের ফুটবল ঘিরে তৈরি হওয়া প্রবল আবেগ ও প্রত্যাশার চাপও তাকে তুলনামূলক কম সামলাতে হয় বলে মনে করেন ফাবিয়ান। তাঁর ভাষায়, আর্জেন্টিনার ফুটবল সংস্কৃতির তীব্রতা নিকোর কাছে এখনো অনেকটা বিস্ময়ের মতো। সম্প্রতি কোস্টারিকার বিপক্ষে ৭-০ গোলের জয়ে জোড়া গোল করেছেন নিকো।