দক্ষিণ কোরিয়ায় জাতীয় পরীক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে নকল করার ঘটনা প্রকাশ্যে আসার পর পরীক্ষার নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এ ঘটনায় আসন্ন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় নকল ঠেকাতে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছে দেশটির সরকার। পরীক্ষার্থীদের স্মার্ট চশমাসহ বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস ব্যবহারের ওপর নজরদারি বাড়ানো হচ্ছে। সোমবার এ বিষয়ে জরুরি বৈঠক করেন প্রধানমন্ত্রী হান সুক-সুক। বৈঠকে শিক্ষামন্ত্রীকে নতুন করে নকল প্রতিরোধমূলক ব্যবস্থা কার্যকরের দায়িত্ব দেওয়া হয়। একই সঙ্গে পরীক্ষায় আধুনিক প্রযুক্তির মাধ্যমে নকল করলে ফৌজদারি অপরাধের আওতায় আনার কথাও জানিয়েছে কর্তৃপক্ষ।
ঘটনার সূত্রপাত দক্ষিণ কোরিয়ার এক শিক্ষার্থীর প্রায় নিখুঁত ফলাফল নিয়ে সন্দেহ থেকে। হান ওন-সক নামের ওই শিক্ষার্থী এ বছরের এপ্রিল ও জুলাইয়ে কর-হিসাববিদদের জন্য আয়োজিত দুটি পরীক্ষায় অংশ নিয়ে প্রায় সব প্রশ্নের সঠিক উত্তর দেন।
রবিবার ইউটিউবে প্রকাশিত এক ভিডিওতে মুখোশ পরা অবস্থায় তিনি স্বীকার করেন, ক্ষুদ্রাকৃতির ক্যামেরা, স্মার্টফোন ও জেনারেটিভ এআই ব্যবহার করে পরীক্ষায় নকল করেছেন। চশমায় যুক্ত ক্যামেরা দিয়ে প্রশ্নের ছবি তুলে এআইয়ের কাছে পাঠাতেন এবং সেখান থেকে পাওয়া উত্তর ব্যবহার করতেন। এ বিষয়ে পুলিশের কাছে লিখিত স্বীকারোক্তিও দিয়েছেন বলে জানান তিনি।
প্রধানমন্ত্রী তার পরীক্ষার ফল বাতিল এবং জাতীয় পরীক্ষায় অংশগ্রহণে নিষেধাজ্ঞা দেওয়ার আহ্বান জানিয়েছেন। শিক্ষামন্ত্রী চোই কিয়ো-জিন জানিয়েছেন, পরীক্ষাকেন্দ্রে শিক্ষার্থীদের ব্যবহৃত সব ধরনের চশমা পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করা হবে। স্মার্ট ডিভাইস ব্যবহার করে নকলের দায়ে পরীক্ষায় অংশগ্রহণের নিষেধাজ্ঞা এক বছর থেকে বাড়িয়ে তিন বছর করার পরিকল্পনাও রয়েছে। দক্ষিণ কোরিয়ার পাশাপাশি তাইওয়ান ও চীনেও এআই-চালিত স্মার্ট চশমা ব্যবহার করে নকল ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হচ্ছে। দক্ষিণ কোরিয়া পরীক্ষাকেন্দ্রে রেডিও ফ্রিকোয়েন্সি শনাক্তকারী যন্ত্র ব্যবহারের বিষয়টিও বিবেচনা করছে।