শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিতর্ক ও অভিশংসনের চাপের মুখে পদত্যাগ করেছেন ইন্দোনেশিয়ার উপ-রাষ্ট্রপতি জিবরান রাকাবুমিং রাকা। বৃহস্পতিবার তিনি প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো ও পার্লামেন্টের কাছে পদত্যাগপত্র জমা দেন। পাঁচ বছর মেয়াদি দায়িত্বের মাত্র দুই বছর পূর্ণ হওয়ার পর তার এই পদত্যাগ দেশটির রাজনৈতিক অঙ্গনে নতুন সংকট তৈরি করেছে। জিবরান দেশটির সাবেক প্রেসিডেন্ট জোকো উইদোদোর ছেলে। তার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে প্রাবোও বলেন, ‘ভারাক্রান্ত হৃদয়ে’ তিনি পদত্যাগপত্র গ্রহণ করেছেন। এর আগে জিবরানকে পদে থেকে নিজের অবস্থান পরিষ্কার করার পরামর্শ দিয়েছিলেন প্রেসিডেন্ট।
গত মাসে ইন্দোনেশিয়ার সাংবিধানিক আদালত ও সুপ্রিম কোর্টের পৃথক রায়ে জিবরানের বিদেশে শিক্ষাগ্রহণ-সংক্রান্ত সনদ নির্বাচনী যোগ্যতার শর্ত পূরণ করে না বলে উঠে আসে। সমালোচকদের অভিযোগ, তার উচ্চমাধ্যমিক পর্যায়ের সনদই নেই।
বুধবার আটটি রাজনৈতিক দলের ১২০ জন আইনপ্রণেতা জিবরানকে অভিশংসনের প্রক্রিয়া শুরুর আবেদন করেন। দেশটির আইন অনুযায়ী, এ অভিযোগ খতিয়ে দেখতে পার্লামেন্টকে বিশেষ কমিটি গঠন করতে হবে। অভিযোগের ভিত্তি পাওয়া গেলে সাংবিধানিক আদালতের মতামত নেওয়া হবে।
ইন্দোনেশিয়ার সংবিধান অনুযায়ী, উপ-রাষ্ট্রপতির পদ শূন্য হলে নতুন নির্বাচন হয় না। প্রেসিডেন্টের মনোনীত দু’জন প্রার্থীর মধ্য থেকে ৬০ দিনের মধ্যে গণপরামর্শ পরিষদ নতুন উপ-রাষ্ট্রপতি নির্বাচন করবে।
এদিকে অর্থনৈতিক সংকট, দুর্নীতি, কর্তৃত্ববাদী শাসনের অভিযোগ এবং ভয়াবহ দাবানল মোকাবিলায় সরকারের ভূমিকার প্রতিবাদে কয়েক সপ্তাহ ধরে দেশটিতে বিক্ষোভ চলছে। হাজারো মানুষ এসব বিক্ষোভে অংশ নিয়েছেন। এমন পরিস্থিতিতে জিবরানের পদত্যাগ প্রাবোও সরকারের ওপর রাজনৈতিক চাপ আরও বাড়াবে বলে মনে করা হচ্ছে।