রবিবার ২৯ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ || ১৮ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: November 29, 2026
November 11, 2026
জাতীয়
জাতীয়

রমজানে ১১ নিত্যপণ্য আমদানিতে ৯০ দিনের ঋণসুবিধা

Published: November 11, 2026 at 09:38 AM
রমজানে ১১ নিত্যপণ্য আমদানিতে ৯০ দিনের ঋণসুবিধা

আসন্ন পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা এবং বাজারে মূল্যবৃদ্ধির চাপ কমাতে আমদানি প্রক্রিয়ায় বিশেষ ছাড় দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে চাল, গম, পেঁয়াজ, ডাল, ভোজ্যতেল, চিনি, ছোলা, মটর, মসলা, খেজুরসহ  নিত্যপ্রয়োজনীয় পণ্য ৯০ দিন পর্যন্ত বাকিতে আমদানি করা যাবে। সাপ্লায়ার্স ক্রেডিট ও বায়ার্স ক্রেডিটের আওতায়ও এসব পণ্য আমদানির সুযোগ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। আজ বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ (এফইপিডি) এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে।


বাংলাদেশ ব্যাংকের সার্কুলার অনুযায়ী, চাল, গম ও আটা, পেঁয়াজ, ডাল, সয়াবিন ও পাম অয়েল, চিনি, ছোলা, মটর, মসলা এবং খেজুর আমদানিতে এ সুবিধা পাওয়া যাবে। এসব পণ্য ৯০ দিন পর্যন্ত বিলম্বিত পরিশোধের শর্তে আমদানি করা যাবে। অর্থাৎ পণ্য আমদানির পর নির্ধারিত মেয়াদের মধ্যে আমদানির মূল্য পরিশোধের সুযোগ পাবেন ব্যবসায়ীরা। এ ক্ষেত্রে সাপ্লায়ার্স ক্রেডিট বা বায়ার্স ক্রেডিটের ব্যবস্থাও রাখা হয়েছে।


সাপ্লায়ার্স ক্রেডিটের ক্ষেত্রে বিদেশি সরবরাহকারী আমদানিকারককে নির্দিষ্ট সময়ের জন্য বাকিতে পণ্য সরবরাহ করেন। অন্যদিকে বায়ার্স ক্রেডিটের ক্ষেত্রে বিদেশি কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান আমদানিকারকের পণ্যের মূল্য পরিশোধে অর্থায়ন করে। পরে আমদানিকারক নির্ধারিত সময়ের মধ্যে সেই অর্থ পরিশোধ করেন।ব্যবসায়ীদের জন্য এ ধরনের সুবিধা গুরুত্বপূর্ণ। কারণ, আমদানির জন্য প্রয়োজনীয় অর্থের পুরোটা তাৎক্ষণিকভাবে জোগাড় করতে না হলেও পণ্য দেশে এনে বাজারজাত করার সুযোগ তৈরি হয়।


এতে আমদানি কার্যক্রমে অর্থায়নের চাপ কিছুটা কমতে পারে। সার্কুলারে বলা হয়েছে, এ নির্দেশনা আগামী ১৫ মার্চ পর্যন্ত কার্যকর থাকবে। দেশের সব বৈদেশিক মুদ্রা লেনদেনকারী অনুমোদিত ডিলার ব্যাংককে তাদের সংশ্লিষ্ট গ্রাহক ও আমদানিকারকদের বিষয়টি অবহিত করতে বলা হয়েছে। এ ছাড়া আগের অন্যান্য প্রাসঙ্গিক নির্দেশনা অপরিবর্তিত থাকবে।