রবিবার ০৮ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ২৩শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ || ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: November 08, 2026
November 06, 2026
জাতীয়
জাতীয়

শিক্ষানবিশ চালকদের জন্য বিআরটিএর নতুন নির্দেশনা

Published: November 06, 2026 at 01:48 PM
শিক্ষানবিশ চালকদের জন্য বিআরটিএর নতুন নির্দেশনা

শিক্ষানবিশ লাইসেন্সধারীদের (লার্নার চালক) জন্য নতুন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। বৈধ প্রশিক্ষকের সঙ্গে প্রশিক্ষণ নেওয়ার সময় ছাড়া শিক্ষানবিশ লাইসেন্সধারীরা মোটরযান চালাতে পারবেন না। এ ছাড়া প্রশিক্ষণ চলাকালে গাড়ির দৃশ্যমান স্থানে লাল রঙের বড় ‘L’ চিহ্ন রাখতে হবে।

শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে বিআরটিএর ফেসবুক পেজে প্রকাশিত এক নির্দেশনায় এসব তথ্য জানানো হয়।

নির্দেশনায় বলা হয়েছে, মূল ড্রাইভিং লাইসেন্স ছাড়া সড়কে মোটরযান চালানো শাস্তিযোগ্য অপরাধ। শিক্ষানবিশ লাইসেন্সধারীরা কেবল বৈধ প্রশিক্ষকের সঙ্গে প্রশিক্ষণের সময় গাড়ি চালাতে পারবেন। এ সময় গাড়ির দৃশ্যমান স্থানে লাল রঙের বড় ‘L’ চিহ্ন থাকতে হবে।

ড্রাইভিং লাইসেন্স পাওয়ার আগে গাড়ি চালানো শেখার জন্য যে লাইসেন্স দেওয়া হয়, সেটিই শিক্ষানবিশ বা লার্নার লাইসেন্স। এ লাইসেন্সধারীদের শিক্ষানবিশ চালক বলা হয়।

মোটরযানসংক্রান্ত বিধান অনুযায়ী, শিক্ষানবিশ চালক সড়কে গাড়ি নিয়ে বের হলে গাড়ির সামনে ও পেছনে দৃশ্যমান স্থানে লাল রঙের বড় ‘L’ চিহ্ন লিখে রাখতে হয় অথবা এ চিহ্নসংবলিত বোর্ড ঝুলিয়ে দিতে হয়।

এই চিহ্নের মাধ্যমে অন্য গাড়ির চালকেরা সহজেই বুঝতে পারেন, সংশ্লিষ্ট গাড়িটি একজন নতুন চালক চালাচ্ছেন। ফলে তাঁরা প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন এবং নিরাপদ দূরত্ব বজায় রেখে চলাচল করতে পারেন।