২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ করেছে সরকার। আগামী বছর সাধারণ ছুটি ও নির্বাহী আদেশে সরকারি ছুটি মিলিয়ে মোট ২৯ দিন ছুটি থাকবে। এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
বৃহস্পতিবার জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, ২০২৭ সালে ১৪ দিন সাধারণ ছুটি এবং নির্বাহী আদেশে ১৫ দিন সরকারি ছুটি নির্ধারণ করা হয়েছে। তবে নির্ধারিত ছুটির মধ্যে সাত দিন শুক্রবার ও শনিবার পড়ায় সরকারি কর্মচারীরা কার্যত ২২ দিন ছুটি ভোগ করতে পারবেন।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২০২৭ সালে দেশের সব সরকারি ও আধা-সরকারি অফিস এবং সংবিধিবদ্ধ, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত সংস্থায় এ ছুটির তালিকা কার্যকর হবে।
এর আগে গত সোমবার (২ নভেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন দেওয়া হয়।
ঐচ্ছিক ছুটির বিধান
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, প্রত্যেক কর্মচারী নিজ ধর্ম অনুযায়ী বছরে সর্বোচ্চ তিন দিন ঐচ্ছিক ছুটি ভোগ করতে পারবেন। এ ছুটি নিতে হলে বছরের শুরুতে নিজ ধর্ম অনুযায়ী নির্ধারিত ছুটির জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পূর্বানুমোদন নিতে হবে।
সাধারণ ছুটি, নির্বাহী আদেশে সরকারি ছুটি এবং সাপ্তাহিক ছুটির সঙ্গে সমন্বয় করে ঐচ্ছিক ছুটি ভোগ করার অনুমতি দেওয়া হবে।
যেসব প্রতিষ্ঠানে নিজস্ব ছুটির বিধান
প্রজ্ঞাপনে বলা হয়েছে, যেসব অফিসের সময়সূচি ও ছুটি নিজস্ব আইন-কানুন দ্বারা নিয়ন্ত্রিত, অথবা যেসব অফিস, সংস্থা ও প্রতিষ্ঠানের চাকরি সরকার অত্যাবশ্যক হিসেবে ঘোষণা করেছে, সেসব ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান নিজস্ব আইন-কানুন অনুযায়ী জনস্বার্থ বিবেচনা করে ছুটি ঘোষণা করবে।