দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ৫৪৮ জন। স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, রবিবার (১ নভেম্বর) সকাল ৮টা থেকে সোমবার (২ নভেম্বর) সকাল ৮টা পর্যন্ত হামের উপসর্গে তিনজনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগী হিসেবে ১ হাজার ৪৯২ জন শনাক্ত হয়েছে। এ ছাড়া নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৫৬ জনের। সব মিলিয়ে এ সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ৫৪৮ জন।
গত ১৫ মার্চ থেকে ২ নভেম্বর পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে ১ হাজার ১৫২ শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে নিশ্চিত হামে মারা গেছে ১০৫ শিশু। এ নিয়ে হাম ও হামের উপসর্গে মোট শিশুমৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২৫৭। স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২ লাখ ৬ হাজার ১৬৮ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ১ লাখ ৯৭ হাজার ৫৪৮ জন। একই সময়ে দেশে ২ লাখ ৩১ হাজার ৫০৫ জনের মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে। এদের মধ্যে ২৩ হাজার ৯৯১ জনের হাম শনাক্ত হয়েছে।