রবিবার ২৯ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ || ১৮ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: November 29, 2026
October 31, 2026
জাতীয়
জাতীয়

বিশ্বজুড়ে ৬ কোটি স্কাউট সদস্য মানবতার সেবায় কাজ করছে: হুইপ দুলু

Published: October 31, 2026 at 11:06 AM
বিশ্বজুড়ে ৬ কোটি স্কাউট সদস্য মানবতার সেবায় কাজ করছে: হুইপ দুলু

জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, অস্থির পৃথিবীতে সারা বিশ্বের ছয় কোটি স্কাউট সদস্য নিরলসভাবে মানবতার সেবায় নিয়োজিত আছে। তাদের এই অসামান্য অবদান আগামীতে ব্যাপকভাবে মূল্যায়ন করা হবে বলে আমি বিশ্বাস করি। তিনি বলেন, স্কাউট আন্দোলনের মধ্য দিয়ে শিক্ষার্থীরা দেশের যোগ্য নাগরিক হয়ে গড়ে উঠছে। নিজেদের সুন্দর করা এবং পরিবেশকে সুন্দর করতে তারা কাজ করে যাচ্ছে। আগামীতে তারাই দেশের নেতৃত্বে আসীন হবে।


আজ দুপুর ১২টায় নাটোরের ঐতিহাসিক রাণী ভবানী রাজবাড়ি চত্বরে বাংলাদেশ স্কাউটসের ছয় দিনব্যাপী সপ্তম আঞ্চলিক কাব ক্যাম্পুরীর আনুষ্ঠানিক উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘আজকের কাব, আগামীর নেতৃত্ব’ প্রতিপাদ্য নিয়ে আয়োজিত এ ক্যাম্পুরীর উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহীর ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার মো. রেজাউল আলম সরকার। অনুষ্ঠানে বক্তব্য রাখেন নাটোরের জেলা প্রশাসক মোছা. সুমনী আক্তার, পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক এবং রাজশাহী আঞ্চলিক স্কাউটসের আঞ্চলিক পরিচালক মো. সাইফুল ইসলাম।


আয়োজকরা জানান, রাজশাহী বিভাগের আটটি জেলা ও একটি মেট্রোপলিটন এলাকার মোট ২৬০টি ইউনিটের কাব স্কাউট, ইউনিট লিডার, স্বেচ্ছাসেবক ও কর্মকর্তাসহ প্রায় ২ হাজার ২০০ জন এ ক্যাম্পুরীতে অংশগ্রহণ করছেন। আগামী ৪ নভেম্বর ক্যাম্পুরী শেষ হবে। ক্যাম্পুরীতে শিশুদের মধ্যে নেতৃত্বের গুণাবলি, শৃঙ্খলা, সৃজনশীলতা, আত্মনির্ভরশীলতা ও সেবার মানসিকতা বিকাশের লক্ষ্যে ১২টি উচ্ছ্বাস ও পাঁচটি উৎসবের আয়োজন করা হয়েছে।


অনুষ্ঠানের প্রধান অতিথি অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু অন্যান্য অতিথিদের সঙ্গে নিয়ে কাব স্কাউট সদস্যদের মধ্যে গাছের চারা বিতরণ করেন। উদ্বোধনী অনুষ্ঠানের শেষাংশে কাব সদস্যদের মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অতিথিদের মুগ্ধ করে।