রবিবার ২৯ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ || ১৮ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: November 29, 2026
October 31, 2026
জাতীয়
জাতীয়

৯টি সাধারণ বোর্ডে পাসের হার ৫১.৬২ শতাংশ, এগিয়ে ছাত্রীরা

Published: October 31, 2026 at 09:25 AM
৯টি সাধারণ বোর্ডে পাসের হার ৫১.৬২ শতাংশ, এগিয়ে ছাত্রীরা

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষায় দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৫১.৬২ শতাংশ। পাস করা শিক্ষার্থীদের মধ্যেও পাসের হার ও সংখ্যার দিক থেকে এগিয়ে রয়েছে ছাত্রীরা। আজ সকাল ১১টায় সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন ফলাফলের বিস্তারিত তুলে ধরেন।


পরিসংখ্যান অনুযায়ী, ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় মোট ১০ লাখ ৪৮ হাজার ৫৩০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে মোট ৫ লাখ ৪১ হাজার ২৪৯ জন শিক্ষার্থী। ৯টি বোর্ডে এবার মোট জিপিএ-৫ পেয়েছে ৩৫ হাজার ৯৪৮ জন। 


পরিসংখ্যান অনুযায়ী, সাধারণ শিক্ষা বোর্ডগুলোতে এ বছর ৪ লাখ ৮৩ হাজার ১৯১ জন ছাত্রের মধ্যে উত্তীর্ণ হয়েছে ২ লাখ ২৭ হাজার ৭৮৯ জন; পাসের হার ৪৭.১৪ শতাংশ। অন্যদিকে, ৫ লাখ ৬৫ হাজার ৩৩৯ জন ছাত্রীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৩ লাখ ১৩ হাজার ৪৬০ জন; পাসের হার ৫৫.৪৫ শতাংশ। ফলে সাধারণ ৯টি শিক্ষা বোর্ডে মোট উত্তীর্ণ ছাত্রের চেয়ে ৮৫ হাজার ৬৭১ জন বেশি ছাত্রী উত্তীর্ণ হয়ে পাসের দিক থেকে এগিয়ে রয়েছে।  জিপিএ-৫ অর্জনের ক্ষেত্রেও ছাত্রীরা জোরালো অবস্থান বজায় রেখেছে। সাধারণ বোর্ডগুলোতে জিপিএ-৫ পাওয়া ৩৫ হাজার ৯৪৮ জনের মধ্যে ছাত্র ১৮,১৫৫ জন এবং ছাত্রী ১৭,৭৯৩ জন। 


সংবাদ সম্মেলনে জানানো হয়, এ বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে ৪,৬১৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ১,৬২৮টি পরীক্ষা কেন্দ্রে অংশ নেয়। দেশের সকল পরীক্ষা কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করে কেন্দ্রীয়ভাবে মনিটরিং এবং অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে প্রবেশদ্বারে পুলিশের বডি-ওর্ন ক্যামেরা নিশ্চিত করা হয়েছিল।  সংবাদ সম্মেলনে জানানো হয়, এ বছর দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন।


উত্তীর্ণদের মধ্যে ছাত্র ২ লাখ ৯০ হাজার ১৫৭ জন এবং ছাত্রী ৩ লাখ ৫৬ হাজার ৫২৮ জন। অর্থাৎ, সকল শিক্ষা বোর্ডে উত্তীর্ণ মোট ছাত্রদের চেয়ে ৬৬ হাজার ৩৭১ জন বেশি ছাত্রী উত্তীর্ণ হয়েছে। সংবাদ সম্মেলনে জানানো হয়, যথাসময়ে পরীক্ষা গ্রহণ, পূর্ণ সিলেবাস ও পূর্ণ নম্বরে এবং সারা দেশে প্রথমবারের মতো অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হওয়া ফলাফল মূল্যায়নে নতুন মাত্রা যোগ করেছে।


সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ সহকারী গিয়াস উদ্দিন রিমন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ভারপ্রাপ্ত সচিব কেরামত আলীসহ সকল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও পরীক্ষা সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।