বুধবার ২৮ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ১২ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ || ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: October 28, 2026
October 28, 2026
আন্তর্জাতিক
আন্তর্জাতিক

স্পেনে দুই দ্রুতগামী ট্রেনের সংঘর্ষ, অন্তত ৪৬ জনের মৃত্যু

Published: October 28, 2026 at 10:32 AM
স্পেনে দুই দ্রুতগামী ট্রেনের সংঘর্ষ, অন্তত ৪৬ জনের মৃত্যু

স্পেনে এক মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় অন্তত ৪৬ জন প্রাণ হারিয়েছেন। আজ সকালে রাজধানী মাদ্রিদ থেকে সেভিলের উদ্দেশে যাত্রা করা দুটি দ্রুতগামী ট্রেনের মধ্যে এই ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটে।  দুটি ভিন্ন কোম্পানির ট্রেনের মধ্যে এই প্রচণ্ড ধাক্কায় কয়েকটি বগি লাইনচ্যুত হয়ে পাশের খাদে পড়ে যায়। আকস্মিক এই দুর্ঘটনায় পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয় এবং মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।


স্থানীয় সূত্রের বরাত দিয়ে কাস্তিয়া লা মানচা অঞ্চলের সরকারি মুখপাত্র জানান, সকাল ৯টার পরপরই তোলেদোর নিকটবর্তী মোরা এবং ওরগাজ শহরের মধ্যবর্তী স্থানে এই দুর্ঘটনাটি ঘটে। এতে স্পেনীয় জাতীয় রেল সংস্থা ‌‘রেনফে’ এবং বেসরকারি অপারেটর ‘ইরিও’-র দুটি উচ্চগতির ট্রেন যুক্ত ছিল। একটি ট্রেন পেছনের দিক থেকে অপরটিকে প্রচণ্ড গতিতে ধাক্কা দিলে দুটি কামরা উল্টে গিয়ে রেললাইনের পাশের খাদে ধসে পড়ে। দুর্ঘটনার পরই উদ্ধারকারী দল, ফায়ার সার্ভিস ও বিপুলসংখ্যক জরুরি সেবা কর্মী ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করেন। 


সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, দুমড়েমুচড়ে যাওয়া ট্রেনের বগিগুলো কাত হয়ে পড়ে আছে এবং ধ্বংসস্তূপের ভেতর থেকে আহতদের উদ্ধারে প্রাণপণ চেষ্টা চালাচ্ছেন উদ্ধারকর্মীরা।


দুর্ঘটনার পর নিকটবর্তী উরদা শহরের মেয়র মানুয়েল গালান জানান, জরুরি সেবা বিভাগের অনুরোধে আহতদের দ্রুত চিকিৎসা ও সাময়িক আশ্রয় দেওয়ার জন্য স্থানীয় একটি স্পোর্টস হল প্রস্তুত রাখা হয়েছে। স্পেনের ট্রেন নেটওয়ার্ক পরিচালনাকারী সংস্থা ‘আদিফ’ সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ নিশ্চিত করেছে যে, এই দুর্ঘটনার কারণে মাদ্রিদ থেকে আন্দালুসিয়াগামী সকল হাইস্পিড ট্রেন যোগাযোগ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।


এই মর্মান্তিক দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। তিনি এক বার্তায় বলেন, তোলেদোর এই ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় তিনি স্তম্ভিত ও গভীরভাবে শোকাহত। তিনি পরিবহনমন্ত্রী এবং কাস্তিয়া লা মানচার আঞ্চলিক প্রেসিডেন্টের সঙ্গে ক্রমাগত যোগাযোগ রাখছেন বলে জানান। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানিয়ে প্রধানমন্ত্রী আরও নিশ্চিত করেন যে, সকল প্রশাসনিক বিভাগ একসঙ্গে সমন্বয় করে দুর্ঘটনাস্থলে দ্রুততম সেবা ও নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। 


ঠিক কী কারণে আধুনিক এই হাইস্পিড ট্রেনের সিগন্যাল ব্যবস্থার ত্রুটি ঘটে দুটি ট্রেন একই ট্র্যাকে চলে এলো, তা খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ।