বৃহস্পতিবার ১৫ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: October 15, 2026
May 19, 2026
জাতীয়
জাতীয়

হাম উপসর্গ নিয়ে ১১ শিশুর মৃত্যু

Published: May 19, 2026 at 12:11 PM
হাম উপসর্গ নিয়ে ১১ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ১১ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ৩৩৭ জন।

মঙ্গলবার (১৯ মে) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে দেশে হামের উপসর্গে মোট ৪০০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিত হাম আক্রান্ত হয়ে মারা গেছে ৭৭ জন। সব মিলিয়ে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৭৫ জনে।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া শিশুদের মধ্যে ঢাকা ও সিলেট বিভাগে সবচেয়ে বেশি তিনজন করে রয়েছে। এছাড়া চট্টগ্রাম, ময়মনসিংহ ও খুলনা বিভাগে একজন করে শিশুর মৃত্যু হয়েছে। জেলা হিসেবে ঢাকা ও মৌলভীবাজারে সবচেয়ে বেশি দু’জন করে মারা গেছে।

একই সময়ে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ছিল ১ হাজার ২৬৪ জন। এদের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ১১৫ জন এবং চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছে ১ হাজার ১১০ জন। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৭৩ জনের।

বিভাগভিত্তিক তথ্যে দেখা গেছে, সবচেয়ে বেশি সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে ঢাকা বিভাগে, যার সংখ্যা ৫৪৪ জন। এরপর চট্টগ্রামে ২৩০ জন এবং বরিশালে ১৪৭ জন শনাক্ত হয়েছে। নিশ্চিত হাম শনাক্তের ক্ষেত্রেও শীর্ষে রয়েছে ঢাকা বিভাগ, যেখানে ৫৪ জনের হাম শনাক্ত হয়েছে।