চীনের অন্যতম বৃহৎ আন্তর্জাতিক বাণিজ্য মেলা ‘ক্যান্টন ফেয়ারে’ অংশ নিতে মালয়েশিয়া থেকে চীন সফরে যাচ্ছেন বিভিন্ন গণমাধ্যমে কর্মরত ৭ বাংলাদেশী সাংবাদিক। আগামী ২৯ অক্টোবর থেকে ৬ নভেম্বর পর্যন্ত ৯ দিনের এ সফরে অংশ নিচ্ছেন— কাতার বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাবের সভাপতি গোলাম মাওলানা হাজারী, গণকণ্ঠের সিনিয়র ফটোসাংবাদিক মো. ফারুক হোসাইন, বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব মালয়েশিয়ার (বিসিপিসিএম) সাবেক সভাপতি ও ৭১ টিভির মালয়েশিয়া প্রতিনিধি মোস্তফা ইমরান রাজু, সংগঠনটির সহসভাপতি ও এনটিভির স্টাফ করেসপন্ডেন্ট কায়সার হামিদ হান্নান, সহসভাপতি ও নিউজ২৪-এর মালয়েশিয়া প্রতিনিধি খন্দকার মোস্তাক আহমেদ রয়েল, যুগ্ম সাধারণ সম্পাদক ও ডিবিসি নিউজ, দৈনিক কালের কণ্ঠের মালয়েশিয়া প্রতিনিধি মোহাম্মদ আলী এবং বাংলা টিভির মালয়েশিয়া প্রতিনিধি শেখ আরিফুজ্জামান।
ক্যান্টন ফেয়ার আন্তর্জাতিক বাণিজ্যের একটি গুরুত্বপূর্ণ আয়োজন। এ মেলায় বিভিন্ন দেশের উৎপাদক, রপ্তানিকারক, আমদানিকারক ও ক্রেতারা অংশ নিয়ে পণ্য প্রদর্শন, ব্যবসায়িক যোগাযোগ এবং বাণিজ্যিক অংশীদারত্বের সুযোগ তৈরি করেন। সফরকালে চীনে অবস্থিত বাংলাদেশ দূতাবাস পরিদর্শন এবং দেশটির গুরুত্বপূর্ণ কয়েকটি স্থান ঘুরে দেখার পরিকল্পনা রয়েছে তাদের।