শীতকালীন সবজির সরবরাহ বাড়তে শুরু করায় চাঁপাইনবাবগঞ্জের নিউ মার্কেটে কমেছে অধিকাংশ সবজির দাম। গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে কাঁচামরিচ, টমেটো, ফুলকপি, বাঁধাকপি ও ধনেপাতাসহ বিভিন্ন সবজির দাম কমেছে। তবে মাছের বাজারে মিশ্র পরিস্থিতি বিরাজ করছে। অন্যদিকে, সোনালী ও ব্রয়লার মুরগির দাম বাড়লেও কমেছে লেয়ার মুরগির দাম।
বাজার ঘুরে দেখা গেছে, এ সপ্তাহে প্রতি কেজি পটল ৩০ টাকা, বেগুন ৮০ টাকা, ফুলকপি ৭০ থেকে ৮০ টাকা, বাঁধাকপি ৬০ টাকা এবং দেশি শসা ৮০ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া টমেটো ১৫০ টাকা, গাজর ১৫০ থেকে ১৬০ টাকা, কাঁচামরিচ ৭০ টাকা এবং ধনেপাতা ৬০ থেকে ৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বিভিন্ন ধরনের শাকের আঁটি বিক্রি হচ্ছে ৮ টাকায়। বিক্রেতারা জানান, শীতকালীন সবজির সরবরাহ বাড়তে থাকায় অধিকাংশ সবজির দাম কমেছে। আগামী দিনগুলোতে সরবরাহ আরও বাড়লে দাম কমার সম্ভাবনা রয়েছে।
এদিকে, মাছের বাজারে ক্রেতার উপস্থিতি কম থাকলেও বেশ কিছু মাছের দাম চড়া রয়েছে। বর্তমানে বাচা মাছ ১ হাজার টাকা, আইড় মাছ ১ হাজার থেকে ১ হাজার ২০০ টাকা এবং কই মাছ আকারভেদে ৭০০ থেকে ৮০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। চাষের চিংড়ির দাম কমে ৯০০ টাকা কেজিতে নেমেছে। বড় বোয়াল মাছ ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৩০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বিক্রেতাদের দাবি, কিছু বড় মাছের দাম কমলেও অন্যান্য মাছের দাম কেজিতে প্রায় ১০ টাকা বেড়েছে।
মুদি পণ্যের বাজারে ২৮ চালের দাম কেজিতে ২ টাকা বেড়ে ৫৬ টাকায় দাঁড়িয়েছে। অন্যদিকে, আদার দাম কমে ১৩০ থেকে ১৪০ টাকা কেজি হয়েছে। ডিমের দাম হালিতে ৪৮ টাকা থেকে কমে ৪৪ টাকা হয়েছে। তবে রসুনের দাম কেজিতে ১০ টাকা বেড়ে ১৬০ থেকে ১৭০ টাকায় বিক্রি হচ্ছে। সয়াবিন তেল ২০৮ টাকা এবং পেঁয়াজ ৫০ থেকে ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এ ছাড়া আলুর দাম রয়েছে ২৩ থেকে ২৪ টাকা কেজি।
মুরগির বাজারে সোনালী মুরগির দাম বেড়ে ২৮০ থেকে ২৯০ টাকা কেজি হয়েছে। ব্রয়লার মুরগির দামও বেড়েছে বলে জানিয়েছেন বিক্রেতারা। অন্যদিকে, লাল লেয়ার মুরগি ৩২০ থেকে ৩৪০ টাকা এবং সাদা লেয়ার মুরগি ২৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। দেশি মুরগি ৪৮০ থেকে ৫২০ টাকা, দেশি হাঁস ৪৫০ টাকা, চীনা হাঁস ৬০০ টাকা এবং রাজহাঁস ৬৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
এ ছাড়া গরুর মাংস গত সপ্তাহের দামেই সাড়ে ৭০০ থেকে ৮০০ টাকা এবং খাসির মাংস ১ হাজার ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
সব মিলিয়ে, এসপ্তাহে চাঁপাইনবাবগঞ্জের নিউ মার্কেটে শীতকালীন সবজির দাম কমায় ক্রেতারা কিছুটা স্বস্তি পেলেও মাছ, চাল, রসুন ও কয়েক ধরনের মুরগির বাড়তি দামে বাজারে মিশ্র পরিস্থিতি বিরাজ করছে।